বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে মা-মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার-টাকা লুট

প্রতিনিধি, কালিগঞ্জ (সাতক্ষীরা)

প্রকাশিত: ১১:৫৬, ১৮ নভেম্বর ২০২৬

কালিগঞ্জে মা-মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার-টাকা লুট

সাতক্ষীরার কালিগঞ্জে বসতবাড়িতে ঢুকে অস্ত্রের মুখে মা ও মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সনকা গ্রামে নিয়ামুল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে ছিলেন না গৃহকর্তা। তাঁর স্ত্রী রান্নাঘরের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গেলে খোলা দরজা দিয়ে মুখোশ পরা দুই থেকে তিনজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে গৃহকত্রী ও তাঁর মেয়েকে গামছা দিয়ে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে।

পরে দুর্বৃত্তরা ঘরের আলমারি ও শোকেস তল্লাশি করে ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন, নগদ ১৬ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া মালামালের মোট মূল্য তিন লাখ টাকার বেশি বলে দাবি করেছে পরিবার।

পরিবারের সদস্যরা জানান, এর ১০ থেকে ১৩ দিন আগেও সন্ধ্যায় জানালা খোলা থাকার সুযোগে দুর্বৃত্তরা ওই গৃহকর্ত্রীর কানের দুল ছিনিয়ে নেয়। আগের ঘটনার রেশ কাটতে না কাটতেই একই বাড়িতে আবারও লুটের ঘটনা ঘটল।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক নিকুঞ্জ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: