সরবরাহ বাড়লেও রাজধানীর বাজারে কমেনি ইলিশের দাম
মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে নির্ধারিত টানা ২২ দিনের নিষেধাজ্ঞা গত ২৯ অক্টোবর মধ্যরাতে শেষ হয়। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ৩০ অক্টোবর থেকে নদী ও সাগরে মাছ ধরতে নামেন জেলেরা এবং উপকূলীয় মাছঘাটগুলোতে শুরু হয় বেচাকেনা।
তবে নিষেধাজ্ঞা সমাপ্তির পর বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বৃদ্ধি পেলেও সাধারণ ক্রেতাদের মনে স্বস্তি আসেনি। রাজধানীসহ দেশের নানা বাজারে এখনো চড়া মূল্যে ইলিশ বিক্রি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের জন্যই তা কেনার সাধ্যের বাইরে রয়েছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে পাঁচ আকারের ইলিশের দেখা মিলেছে, যেখানে ওজন ও প্রতি কেজিতে মাছের সংখ্যার ওপর ভিত্তি করে দাম নির্ধারিত হচ্ছে। বাজারে এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম রাখা হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা। তিনটিতে এক কেজি বা কিছুটা বেশি ওজনের ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং চারটিতে এক কেজি ওজনের ইলিশ ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
তুলনামূলক ছোট আকারের পাঁচ থেকে ছয়টিতে এক কেজি হয় এমন ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। রাজধানীর মুগদা বাজারের মাছ বিক্রেতা লোকমান জানান, আড়তে মাছের দাম বেশি থাকায় তাদেরও খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
তিনি বলেন, পাঁচ থেকে ছয়টিতে কেজি হয় এমন ইলিশ তারা আড়ত থেকে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে কেনেন এবং প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করেন।
এদিকে একই বাজারে ইলিশ কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি চাকরিজীবী সোলাইমান মন্ডল। তিনি জানান, জেলেরা প্রচুর ইলিশ পাওয়ার ভিডিও প্রকাশ করলেও বাজারে সেই তুলনায় মাছ মিলছে না এবং যেগুলোর দেখা মিলছে, দাম চাওয়া হচ্ছে অনেক বেশি।
সোলাইমান মন্ডলের মতে, ইলিশের বাজার নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করা, অতিরিক্ত মুনাফাকারীদের আইনের আওতায় আনা এবং নিয়মিত বাজার তদারকি নিশ্চিত করা প্রয়োজন।


























