রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৩৭ জন গ্রেফতার, মামলা ৬০
রাজধানীতে অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সময়ে বিভিন্ন থানায় মোট ৬০টি মামলা রুজু করা হয়েছে।
বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির বিভিন্ন ইউনিট এই অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ৪৩, লালবাগে ৫৪, ওয়ারীতে ৭৪, মতিঝিলে ৪৩ এবং তেজগাঁওয়ে ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মিরপুর বিভাগে ১০৩, গুলশানে ৬৬, উত্তরায় ৪৬, এসআরইউতে ৭ এবং গোয়েন্দা বিভাগে ১০ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪টি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করে। পাশাপাশি ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা এবং ২.২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে আরও রয়েছে ৪ বোতল দেশি মদ, ১টি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার এবং ২টি মোবাইল ফোন। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


























