রোববার ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক

রানার ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ২৮ নভেম্বর ২০২৬

২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক

২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। শনিবার পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এই তথ্য নিশ্চিত করেন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের। নিজের ভাবনা নিয়ে আগেই বোর্ডের সাথে আলোচনা করেছিলেন মুশফিক এবং বিসিবিও তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। ফলে সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরই হয়ে থাকল জাতীয় দলের হয়ে তার শেষ বিদেশ সফর।

২০০৫ সালের ২৬ মে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তরুণ মুশফিকের। সেই দলের বিপক্ষেই ঘরের মাঠে ক্যারিয়ারের ইতি টানছেন তিনি। লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১০৮ ম্যাচের ১৯৯ ইনিংসে ৩৮ দশমিক ৮০ গড়ে দেশের হয়ে সর্বোচ্চ ৭ হাজার ৬২ রান সংগ্রহ করেছেন এই ডানহাতি ব্যাটার। নামের পাশে রয়েছে ১৪টি শতক ও ৩০টি অর্ধশতক।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন মুশফিক ২০১৩ সালে শ্রীলঙ্কার গলে ঠিক ২০০ রানের ইনিংস খেলে। এরপর ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের ইনিংস উপহার দিয়ে প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে দুটি দ্বিশতকের বিশ্বরেকর্ড গড়েন তিনি। ২০২০ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে মিরপুরেই করেন নিজের তৃতীয় অপরাজিত ২০৩ রান।

ব্যাট হাতে দ্যুতি ছড়ানোর পাশাপাশি অধিনায়ক হিসেবেও দেশকে ঐতিহাসিক সব মুহূর্ত এনে দিয়েছেন মুশফিক। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তার নেতৃত্বে খেলা ৩৪ টেস্টের মধ্যে সাতটিতে জয় পায় বাংলাদেশ। যার মধ্যে ২০১৬ সালে ইংল্যান্ড এবং ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে স্মরণীয় টেস্ট জয় অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ৫ মার্চ ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ৪৮৪টি আন্তর্জাতিক ম্যাচে ১৬ হাজার ৩৫৭ রানের মালিক মুশফিক ঘরের মাঠে ক্যারিয়ারের ৪৮৫তম ম্যাচটি খেলেই ব্যাট-প্যাড তুলে রাখবেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: