টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে সবচেয়ে বাজে রেকর্ড বাংলাদেশের
লাল বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের পারফরম্যান্স চরম হতাশাজনক। এ পর্যন্ত দুই দলের মুখোমুখি হওয়া ১৮টি টেস্টের মধ্যে ১৬টি ম্যাচেই জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা, আর বাকি ২টি ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়েছে।
প্রতিপক্ষের মাঠে তো বটেই, ঘরের মাঠের পরিচিত পরিবেশেও প্রোটিয়াদের আধিপত্যের মুখে ভেঙে পড়েছে টাইগারদের প্রতিরোধ। দুই দেশের লড়াইয়ে উইকেটের আচরণের মধ্যেও বিপরীত চিত্র দেখা যায়, যা প্রতিপক্ষকে সুবিধাজনক অবস্থায় রাখলেও বাংলাদেশকে ঠেলে দিয়েছে ব্যাকফুটে।
পরিসংখ্যান অনুযায়ী, টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং গড় মাত্র ১৯.১০। অর্থাৎ গড়ে প্রতি ১৯.১ রান তুলতেই একটি করে উইকেটের পতন ঘটেছে। অন্তত পাঁচটি ম্যাচ খেলেছে এমন ৪৫ জোড়া প্রতিপক্ষের মধ্যে প্রোটিয়াদের বিরুদ্ধে টাইগারদের এই ব্যাটিং গড়ই টেস্ট ইতিহাসের সর্বনিম্নে।
কোনো নির্দিষ্ট দেশের বিপক্ষে বাজে ব্যাটিং গড়ের তালিকায় বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই জিম্বাবুয়ের ব্যাটিং গড় ২১.২৪। অপরদিকে প্রোটিয়ারা ব্যাট হাতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৬.২৬ ও বাংলাদেশের বিরুদ্ধে ৫৩.৮৯ গড় নিয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে।
দুই দলের ব্যাটিং গড়ের ফারাক বিচারেও এই দ্বৈরথটি টেস্ট ইতিহাসের অন্যতম একতরফা লড়াই। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের গড়ের ব্যবধান ৩৪.৭৯, যা মাত্র ০.২৩ পার্থক্যে প্রোটিয়া-জিম্বাবুয়ে দ্বৈরথের ঠিক পরেই অবস্থান করছে। এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের গড়ের পার্থক্য ২৮.২৭ এবং শ্রীলঙ্কার সঙ্গে ২৫.২৮।
সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে ওভারঅল ব্যাটিংয়ে বাংলাদেশের গড় ২৫.৫১, যেখানে কেবল ১৩টি টেস্ট খেলা আয়ারল্যান্ড টাইগারদের পেছনে অবস্থান করছে। তবে বোলিং গড়ের দিক থেকে সব দলের চেয়ে পেছনে বাংলাদেশ, যেখানে টাইগার বোলারদের গড় ৪১.৮৬।


























