রোববার ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবহেলা কাটিয়ে ঝিনাইদহে কবির বাড়িতে উৎসবের প্রস্তুতি

বসির আহাম্মেদ, ঝিনাইদহ

প্রকাশিত: ১১:২১, ২৮ নভেম্বর ২০২৬

অবহেলা কাটিয়ে ঝিনাইদহে কবির বাড়িতে উৎসবের প্রস্তুতি

দীর্ঘদিনের নীরবতা ও অবহেলা কাটিয়ে উৎসবের আমেজ ফিরছে বাংলা সাহিত্যের অন্যতম কবি গোলাম মোস্তফার পৈতৃক বাড়িতে। কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর স্মৃতিবিজড়িত বাড়িতে ৩ থেকে ৫ ডিসেম্বর তিন দিনব্যাপী উৎসব ও মেলার আয়োজন করা হয়েছে।

উৎসব সামনে রেখে বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। তৈরি করা হচ্ছে মঞ্চ। অতিথিদের বরণ এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে। তিন দিনের এ আয়োজনে থাকবে বিভিন্ন পণ্যের দোকান ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। উৎসবজুড়ে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকা কবির স্মৃতিবিজড়িত বাড়িতে এমন আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। গ্রামবাসীর প্রত্যাশা, উৎসবের মধ্য দিয়ে নতুন প্রজন্ম কবির সাহিত্যকর্ম ও অবদান সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি বাড়িটি সংরক্ষণেও উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা সিজার জিকরুল বলেন, ‘কবি গোলাম মোস্তফা আমাদের এলাকার গর্ব। তাঁর মতো একজন গুণী মানুষের জন্ম ও স্মৃতিবিজড়িত বাড়ি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। আমরা চাই, এই অনুষ্ঠান শুধু তিন দিনের উৎসবে সীমাবদ্ধ না থেকে কবির স্মৃতি সংরক্ষণ ও সাহিত্যচর্চার নতুন পথ তৈরি করুক।’

স্থানীয় বাসিন্দা রমিস বলেন, ‘কবির বাড়িতে এমন আয়োজন হওয়ায় পুরো গ্রামের মানুষ আনন্দিত। তিন দিন ধরে মেলা, গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে আশপাশের এলাকার মানুষও আসবে। আমাদের প্রত্যাশা, প্রতিবছর এভাবে অনুষ্ঠান আয়োজন করা হবে এবং কবির বাড়িটি যথাযথভাবে সংরক্ষণ করা হবে।’

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: