শনিবার ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে শতাধিক অসহায় মানুষের আহারের ব্যবস্থা করল আইডিয়া

রানার ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ২৭ নভেম্বর ২০২৬

যশোরে শতাধিক অসহায় মানুষের আহারের ব্যবস্থা করল আইডিয়া

যশোরে শতাধিক অসহায় মানুষের আহারের ব্যবস্থা করল আইডিয়া

যশোরে শতাধিক শ্রমজীবী ও অসহায় মানুষের এক বেলা খাবারের আয়োজন করার পাশাপাশি তাঁদের জীবনসংগ্রাম ও অভাব-অনটনের গল্প শুনেছে ‘আইডিয়া সমাজকল্যাণ সংস্থা’। ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এডুকেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট (আইডিয়া)-এর ‘তাঁহাদের হাঁড়ির গল্প’ শীর্ষক আয়োজনে প্রান্তিক মানুষের না-বলা কষ্টের কথা উঠে আসে।

সংস্থাটির নিয়মিত মানবিক কার্যক্রম ‘আইডিয়া ফ্রাইডে মিল’-এর ২৬৮তম সপ্তাহ উপলক্ষে শহরের খরকিতে অবস্থিত আইডিয়া প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমজীবী মো. আশরাফ হোসেন, রিকশাচালক হাসেম আলী ও মোস্তাফিজ আলী এবং গৃহকর্মী সুন্দরী।

অনুষ্ঠানে নিজের জীবনের গল্প তুলে ধরতে গিয়ে শ্রমজীবী আশরাফ হোসেন জানান, পাশের বাড়িতে ভালো খাবার রান্না হলে তাঁর ছোট্ট ছেলে কবে তা খেতে পারবে জানতে চায়। ছেলেকে আশ্বাস দিলেও নিজের সামর্থ্যে সেই ইচ্ছা কবে পূরণ করতে পারবেন, তা তিনি জানেন না। ঈদের মতো খুশির দিনেও তাঁদের অন্যের সাহায্যের ওপর ভরসা করতে হয়।

রিকশাচালক হাসেম আলী বলেন, ভালো খাবার খাওয়ার সামর্থ্য তাঁদের নেই, তবে আইডিয়ার এই দাওয়াতের মাধ্যমে তাঁর সন্তান অন্তত এক বেলা ভালো খাবার খেতে পেরেছে। প্রতি শুক্রবারের এই উদ্যোগ তাঁদের মতো মানুষের জন্য একটি বড় আশার আলো।

অনুষ্ঠানে আইডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. হামিদুল হক শাহীন সভাপতিত্ব করেন। তিনি বলেন, ২০২১ সালের ১৫ অক্টোবর শুরু হওয়া এই কার্যক্রম প্রতি শুক্রবার নিরবচ্ছিন্নভাবে চলছে। বিত্তবানেরা সামান্য এগিয়ে এলে অনেক মানুষের খাবারের সংস্থান করা সম্ভব।

আইডিয়া ফ্রাইডে মিলের সমন্বয়ক শাহারিয়া ইয়াসমিন মীম জানান, জুমার পর এতিম শিশু, বস্তিবাসী, শ্রমজীবী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং রমজানে এটি ‘আইডিয়া ফ্রাইডে ইফতার’ নামে পরিচালিত হয়। অনুষ্ঠানে সংস্থার সভাপতি সোমা খান, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: