মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ সপ্তাহের প্যারোলে মায়ের কাছে ফিরছেন ১৮ বছর কারাবন্দি বাদল

রানার ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭, ২৪ নভেম্বর ২০২৬

৪ সপ্তাহের প্যারোলে মায়ের কাছে ফিরছেন ১৮ বছর কারাবন্দি বাদল

৪ সপ্তাহের প্যারোলে মায়ের কাছে ফিরছেন ১৮ বছর কারাবন্দি বাদল

দীর্ঘ ১৮ বছর পর চার সপ্তাহের জন্য কারাগার থেকে প্যারোলে মুক্তির আদেশ পেয়েছেন মোংলার বাদল ফরাজী।

আদালতের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে তাকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়।

বাদল ফরাজী মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাসিন্দা। ২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় পর্যটক ভিসায় ভারতের আগ্রার তাজমহল দেখতে যান তিনি।

এই সময়ে বিভিন্ন সময় ভারতের দিল্লি হাইকোর্টে বাদলের আইনজীবীরা তার প্যারোলে মুক্তির অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। আদালতের নির্দেশনার পর বাংলাদেশে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয় এবং গত ২৫ অক্টোবর তার বোন আকলিমা বেগম প্যারোলের জন্য আবেদন করেন। তার বোনের আবেদনের পরিপ্রেক্ষিতে মায়ের অসুস্থতা ও মানবিক দিক বিবেচনায় আদালত চার সপ্তাহের জন্য বাদলকে মুক্তির আদেশ দেন।

প্যারোলে মুক্তির খবরে স্বস্তির পাশাপাশি ক্ষোভও রয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। বাদলের বড় বোন আকলিকা বেগম জানান, তার ভাইয়ের মুক্তির বিষয়ে পরিবারকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মঙ্গলবার সকালে পুলিশ তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়ে কী লাভ-এমন প্রশ্ন তুলে তারা বাদলের স্থায়ী মুক্তির দাবি জানিয়েছেন।

পাঁচ ভাইবোনের মধ্যে বাদল দ্বিতীয়। তার তিন বোন ও দুই ভাই। দীর্ঘদিন ধরে পরিবারের বাইরে থাকায় স্বজনদের সঙ্গে তার স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হয়নি। বাদল কারাগারে থাকাকালে তার বাবাও মারা গেছেন। এখন বৃদ্ধ মা শিফালী বেগম ছেলের ফেরার অপেক্ষায় দিন গুনছেন।

বাদল ফরাজীর শিক্ষাপ্রতিষ্ঠান মোংলার সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তালুকদার মোহাম্মদ জিয়াদ হোসাইন বলেন, তাজমহল দেখতে ভারতে যাওয়ার আগে বাদল অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও ভালো ছিল। তার জানা মতে, বাদল কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল না। তিনি বলেন, একজন সাবেক শিক্ষার্থী হিসেবে বাদলের সুষ্ঠু বিচার ও ন্যায়বিচার পাওয়া উচিত।

স্থানীয়দেরও দাবি, নামের সামান্য ভুলের কারণে বাদলকে দীর্ঘ ১৮ বছর কারাগারে থাকতে হয়েছে। তাদের মতে, বাদল নির্দোষ হয়েও জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছেন। তারা তার স্থায়ী মুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

দীর্ঘ ১৮ বছর পর বাদল বাড়ি ফিরছেন, এ খবরে স্বজনদের মধ্যে অপেক্ষা ও আবেগ তৈরি হয়েছে। তবে পরিবারের প্রত্যাশা, চার সপ্তাহের প্যারোলেই যেন তার মুক্তির বিষয়টি থেমে না থাকে। আইনি জটিলতার স্থায়ী সমাধানের মাধ্যমে বাদল যেন মায়ের কাছে থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই দাবি তাদের।

বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আবু সাদ্দাত বলেন, বাদলকে প্যারোলে মুক্তির জন্য দাপ্তরিক কাজ চলছে। কাজ শেষ হলে তাকে মোংলায় পাঠানো হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বাদলকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। আর তার স্থায়ী মুক্তির জন্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: