বোমা হামলায় যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপি নেতা ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমানসহ দুজন আহত হয়েছেন। সীমান্তে পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে সোমবার দিবাগত রাত ১টার দিকে পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে তাঁদের ওপর বোমা হামলা চালানো হয়। এতে তবিবুর রহমানের সঙ্গে লোকমান হোসেনও আহত হন।
তবিবুর রহমান জানান, তাঁরা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁরা দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নাভারণ সরকারি হাসপাতালে ভর্তি করেন।
আহতদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত-পায়ে বোমার আঘাতে ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আমরা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলাম। তখন তবিবুর রহমানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’


























