খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। শনিবার রাত ১০টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের মিকাইলের স’মিলের সামনে এ ঘটনা ঘটে। মাফিজুর রহমান (৪৭) মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। তিনি তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের বাসিন্দা।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র গণমাধ্যমকে জানান, মাফিজুর রহমানের বাম হাত, ডান পা ও বুকের পাঁজরের নিচে গুলি লেগেছে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
খুলনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন মাফিজুর। মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


























