রোববার ২২ নভেম্বর ২০২৬

৬ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন, আসবাব ভস্মীভূত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৯, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:০০, ২১ নভেম্বর ২০২৬

কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন, আসবাব ভস্মীভূত

ঝিনাইদহের কালীগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়টিতে আগুন ধরিয়ে দিয়ে কিছুক্ষণ সেখানে অবস্থান করে এবং পরে সটকে পড়ে। আগুনে অফিসের চেয়ার, টেবিল, ফ্যানসহ সব মালামাল ভস্মীভূত হয়েছে। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।


ঘটনার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘রাতের অন্ধকারে চোরের মতো কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
এ বিষয়ে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই দীপঙ্কর মণ্ডলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: