নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক উত্তেজনা। এ ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ বিভিন্ন বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেন্দারচর এলাকায় অন্তত ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা চালানো হয়। বিএনপির দুই নেতার হত্যাকাণ্ড এবং পরবর্তী হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এ হামলার পর গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, তাঁদের পাড়ার অনেক পুরুষ গ্রাম ছেড়ে চলে গেছেন। নারীদেরও কেউ কেউ বাড়িঘর ছেড়েছেন। তাঁর দাবি, দোকানপাট ও ধান লুট করা হয়েছে। বাধা দিতে গেলে এক দোকানমালিককে মারধর করা হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ে। তবে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি নাকচ করেছে। পুলিশের ভাষ্য, হিন্দু সম্প্রদায়ের কোনো বাড়িঘর বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। বেন্দারচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা হয়েছে।
স্থানীয়রা জানান, বেন্দারচর গ্রামটি আয়তনে বড়। প্রায় ২ হাজার ২০০ ভোটারের এই গ্রামটি স্থানীয়ভাবে পশ্চিম ও পূর্ব—দুই পাড়ায় বিভক্ত। পশ্চিম পাড়ায় আওয়ামী লীগের সমর্থকদের বসবাস বেশি এবং পূর্ব পাড়ায় বিএনপির সমর্থকদের বসবাস বেশি। শুক্রবার রাতে মূলত পশ্চিম পাড়ার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার সাত থেকে আটটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব বাড়ির বাসিন্দারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
তবে পশ্চিম পাড়ার এক আওয়ামী লীগ নেতা এ দাবি প্রত্যাখ্যান করেছেন। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমাদের পাড়ায় কোনো পুরুষ নেই। অনেক বাড়ির মহিলাও ঘরছাড়া। কমপক্ষে ২০টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার দোকান লুটপাট করা হয়েছে। আলাল উদ্দিন শেখের দোকান, মোয়াজ্জেম শেখের বাড়ি, বাশার শেখের বাড়ি, শাহাজান বিশ্বাসের বাড়ি, টিপলু বিশ্বাস ও ভুলু বিশ্বাসের বাড়িতেও আগুন দিয়েছে। আমাদের বাড়ি একদম শেষ মাথায়। বাড়ি থেকে কেউ বের হতে পারছে না।’
তাঁর অভিযোগ, বৃহস্পতিবারই তাঁর ধান লুট করা হয়েছে। দোকানের মালিক বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। হামলার পর পরিবারের সদস্যদের নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।
গত বুধবার সন্ধ্যায় বেন্দারচর স্লুইসগেটসংলগ্ন বটতলা এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে কৃষকদল ও জাসাসের দুই নেতাসহ ১০ থেকে ১৫ জন আহত হন।
নিহতরা হলেন কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪০) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)। স্থানীয়ভাবে তাঁরা শাহীন মোল্যা ও সোহেল মোল্যা নামেও পরিচিত। গুরুতর আহত অবস্থায় তাঁদের খুলনায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। শুক্রবার নিহত দুই নেতার কবর জিয়ারত করতে এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা তাঁদের সঙ্গে ছিলেন। তাঁরা এলাকা ছেড়ে যাওয়ার পর বিকেল থেকে নতুন করে উত্তেজনা দেখা দেয়। বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের স্বজন ও বিএনপির কয়েকজন নেতা-কর্মী গ্রামে জড়ো হন। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে ।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবিরের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টার দিকে বেন্দারচর গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান তাঁরা। তবে ঘটনাস্থলে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ফায়ার সার্ভিসের কর্মীরা বাধার মুখে পড়েন। পরে প্রতিবন্ধকতা সরিয়ে রাত ৮টার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল।
বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার পুলিশ সদর দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, গ্রামটিতে কোনো হিন্দু বসতি নেই। হিন্দু সম্প্রদায়ের কোনো পরিবারের সদস্য কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
পুলিশের দাবি, পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব প্রচারের মাধ্যমে দেশ-বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই বিএনপি নেতা হত্যার জেরে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের আত্মীয়স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বেন্দারচরে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানিয়েছেন, দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।
এদিকে, শনিবার দুপুরে কালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু দাবি করেন, ‘আমরা বিভিন্ন ফেসবুক পেজে দেখছি, দুই শতাধিক হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনাগুলো ফেইসবুকে ছড়ানো হচ্ছে।’
আর নড়াইল জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম গনমাধ্যমকে বলেছেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি। ফেসবুকে যা দেখা যাচ্ছে-এগুলো কিছু ঘটেনি। ওই যে এআই বলে না? ফেসবুকে যা দেখছেন সব এআই দিয়ে বানানো। আগুনের যত ভিডিও দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে সব বানানো ও ভুয়া।’


























