নারীদের ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ দেওয়া উচিত: স্পিকার
জাতীয় সংসদে সংরক্ষিত আসনের বদলে ১০০টি আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের বিজয়ী হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জাতীয় সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করা উচিত। কারণ নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই।’
নারীশিক্ষার অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি জানান, বেগম খালেদা জিয়া মেয়েদের এসএসসি পর্যন্ত বিনাবেতনে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা খরচে পড়ার সুযোগ সৃষ্টির উদ্যোগ নেবেন বলেও উল্লেখ করেন স্পিকার।
বিদ্যালয়টির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে স্পিকার জানান, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে বিদ্যালয়টির গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাস স্মরণে রাখবে।
বরিশাল জিলা স্কুলের প্রাক্তন ছাত্র হাফিজ উদ্দিন আহমদ নিজের স্কুলজীবনের দিনগুলোর স্মৃতিচারণ করেন। এই ঐতিহ্যবাহী বিদ্যালয় অনেক কৃতী শিক্ষার্থী তৈরি করেছে উল্লেখ করে অর্থাভাবে পড়ালেখা চালাতে না পারা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সাবেক ও বর্তমানদের প্রতি আহ্বান জানান তিনি।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের সাবেক ছাত্রী বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান সরোয়ারসহ বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রবীণ শিক্ষক জাহানারা বেগম, অধ্যাপক শাহ সাজেদা এবং শামীমা মাসুদ মুন্নি বক্তব্য প্রদান করেন।


























