বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বমঞ্চে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ তারেক রহমান: হুমায়ুন কবির

রানার ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩২, ১২ নভেম্বর ২০২৬

বিশ্বমঞ্চে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ তারেক রহমান: হুমায়ুন কবির

বিশ্বমঞ্চে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ তারেক রহমান: হুমায়ুন কবির

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) বাংলাদেশ প্যাভিলিয়নে স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া, সোমালিয়া, মলদোভা, পাকিস্তান ও কুয়েতের শীর্ষ নেতৃত্বসহ ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, উন্নয়ন অংশীদার চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, অবকাঠামো তৈরি এবং বাংলাদেশ-চীন-মিয়ানমার আঞ্চলিক অর্থনৈতিক করিডোর ও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিয়ে ইতিবাচক কথা হয়েছে।

এছাড়া উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু ও ভিসা সহজীকরণ, ব্রাজিলের প্রেসিডেন্টের সম্ভাব্য বাংলাদেশ সফর, কুয়েতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব এবং সিরিয়ার পুনর্গঠনে সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের দীর্ঘ সামরিক ও কূটনৈতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বর্জ্যকে সম্পদে রূপান্তরের নীতিগত উদ্যোগ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: