বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির যশোর জেলা সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৯, ১১ নভেম্বর ২০২৬

এনসিপির যশোর জেলা সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন না হওয়াসহ দলের অভ্যন্তরে নীতি ও আদর্শবহির্ভূত চর্চার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন। মঙ্গলবার দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পাশাপাশি নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি জানিয়ে পদত্যাগপত্রের ছবিও পোস্ট করেছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত বিবেচনা ও আত্মসম্মানবোধ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। যশোরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সাংগঠনিক সফর চলাকালেই এনসিপির সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন তিনি।

পদত্যাগপত্রে আব্দুল মতিন লিখেছেন, ‘বাস্তবতা হলো—রাজনীতি সবার জন্য নয়। রাজনীতিতে দরকার আদর্শ, সততা, মেধা, শ্রম ও সাংগঠনিক দক্ষতা। কিন্তু কিছু ক্ষেত্রে চাটুকারিতা, নির্লজ্জতা, স্বেচ্ছাচারিতা, পেশিশক্তি কিংবা অনৈতিক সুবিধা আদায়ের প্রবণতা জায়গা করে নিচ্ছে। এসব বৈশিষ্ট্য আমার ব্যক্তিত্ব ও নীতিবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

তিনি আরও লেখেন, অতীতের সাংগঠনিক অভিজ্ঞতা, দক্ষতা, মেধা ও শ্রম দিয়ে সংগঠনকে এগিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু ক্রমেই উপলব্ধি করেছেন, এখানে তাঁর অভিজ্ঞতা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন কিংবা কার্যকর প্রয়োগের সুযোগ নেই। বরং কিছু ব্যক্তি সাংগঠনিক পদ ব্যবহার করে নিজেদের পেশা, স্বার্থ ও প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। এমন রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, সংগঠনে মিথ্যাচার, একে অপরকে মাইনাস করার অপচেষ্টা, কোরামবাজি ও নানা ধরনের অনাকাঙ্ক্ষিত সাংগঠনিক চর্চা ক্রমেই প্রকট হয়ে উঠেছে। অপরিপক্ক সাংগঠনিক নেতৃত্বের কারণে এসব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জুনিয়রদের হাতে সিনিয়রদের অবমূল্যায়ন ও অসম্মান, বিশৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব এবং চেইন অব কমান্ডের অনুপস্থিতি একটি সুস্থ রাজনৈতিক সংগঠনের জন্য অত্যন্ত হতাশাজনক।

তিনি আশা প্রকাশ করেন, তাঁর এই পদত্যাগ জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের আত্মসমালোচনা ও আত্মোপলব্ধির উপলক্ষ হয়ে উঠবে। এনসিপি যশোরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দূরদর্শী, বিচক্ষণ ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: