রোববার ২২ নভেম্বর ২০২৬

৬ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় হত্যাকাণ্ডের জেরে অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ২১ নভেম্বর ২০২৬

কালিয়ায় হত্যাকাণ্ডের জেরে অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার দুই দিন পর বেন্দারচর এলাকায় সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় ক্ষুব্ধ লোকজন এসব বাড়িতে হামলা চালায়।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাঁদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় কালিয়া মডেল মসজিদে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।

শুক্রবার দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুই নেতা হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা মামলা করতে থানায় আসবেন বলে কথা রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: