রোববার ২২ নভেম্বর ২০২৬

৬ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আকভানের বৃষ্টিতে ফসল ও ইটভাটায় ব্যাপক ক্ষতি

রানার ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৯, ২১ নভেম্বর ২০২৬

আকভানের বৃষ্টিতে ফসল ও ইটভাটায় ব্যাপক ক্ষতি

আকভানের বৃষ্টিতে ফসল ও ইটভাটায় ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশজুড়ে দুই দিনের টানা বৃষ্টিতে পাকা ধান ও শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের শুঁটকিপল্লি এবং বিভিন্ন জেলার ইটভাটাতেও বড় ধরনের আর্থিক লোকসান দেখা দিয়েছে।

সাতক্ষীরার তালা উপজেলায় জমিতে কেটে রাখা আমন ধান শুকাতে পারছেন না চাষিরা। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর মতো ফসলের খেতে পানি জমায় উদ্বেগে পড়েছেন কৃষকেরা। তবে উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহসিন আলী সরদার জানান, গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকলে ধানের বড় ক্ষতি হবে না, তবে সবজির গাছ নষ্ট হতে পারে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাবে চব্বিশ ঘণ্টায় ৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়ায় কাটা ধান সড়কের পাশে স্তূপ করে ত্রিপল দিয়ে ঢেকে রাখতে বাধ্য হচ্ছেন চাষিরা। বৃষ্টির কারণে ধান মাড়াই ও শুকানোর কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।

বাগেরহাটের উপকূলীয় অঞ্চলসহ শরণখোলা ও ফকিরহাটে বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। সুন্দরবনের দুবলার চরে বৃষ্টির পানিতে ভিজে জেলেদের অন্তত এক কোটি টাকার মাছ নষ্ট হয়েছে বলে জানিয়েছেন দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে যেতে না পেরে জেলেরাও বাড়তি ক্ষতির মুখে পড়েছেন।

টানা বৃষ্টিতে মানিকগঞ্জের ঘিওর ও সদরসহ বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক ইটভাটার কাঁচা ইট গলে নষ্ট হয়ে গেছে। জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুল আলম জানান, মৌসুমের শুরুতেই এমন দুর্যোগে কয়েক কোটি টাকার লোকসান হয়েছে। এর বাইরে জেলার সরিষা, আলু ও ভুট্টার খেতও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

চাঁদপুরে চব্বিশ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা। কাজ কমে যাওয়ায় জেলাটির গণপরিবহন চালক ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনিক আয় অর্ধেকের নিচে নেমে গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: