মানুষের বাহ্যিক ও আত্মিক পরিশুদ্ধি এবং সমাজের সর্বস্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠার মহান লক্ষ্য নিয়ে আগামীকাল ২১ নভেম্বর (শনিবার) রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ী বড় মাদরাসা) প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ’-এর ৩১তম মারকাজি ইজতেমা। দিনব্যাপী এই আয়োজন ঘিরে আয়োজক কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানের সভাপতিত্ব ও তত্ত্বাবধানে ইজতেমা অনুষ্ঠিত হবে। এই আয়োজন সফল করতে দেশবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি। একই সঙ্গে তিনি দেশের মসজিদ ও মাদরাসাগুলোতে ইজতেমার দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইজতেমায় সারা দেশের বিভিন্ন হালকার আমীর, নায়েবে আমীর, ইমাম, মুয়াজ্জিন, ওলামা-মাশায়েখ ও তলাবাসহ প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এবারের ইজতেমায় বহির্বিশ্বের শীর্ষস্থানীয় আলেমদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের হারদুয়ী হযরতের বর্তমান গদ্দিনশীন হযরতওয়ালা শাহ হাকিম কালীমুল্লাহ সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তার আগমন শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। এ ছাড়া পাকিস্তান বেফাকের মহাসচিব হযরত মাওলানা হানীফ জলান্ধরীরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় আলেম-মুরুব্বি, দাওয়াতুল হকের জিম্মাদার এবং হারদুয়ী হযরত রহ. ও হযরত হাকীম আখতার রহ.-এর বাংলাদেশি খলিফারাও ইজতেমায় বয়ান ও দিকনির্দেশনা দেবেন।
দিনব্যাপী ৪টি অধিবেশনের সময়সূচি ও আলোচ্য বিষয়:
ইজতেমা সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে দিনব্যাপী আয়োজনকে মোট ৪টি অধিবেশনে ভাগ করা হয়েছে:
• সূচনা অধিবেশন (বাদ ফজর থেকে ইশরাক): ফজরের নামাজের পরপরই হযরতওয়ালা শায়েখে যাত্রাবাড়ী মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানের ইফতেতাহি ও ইসলাহি বয়ানের মাধ্যমে শুরু হবে। এরপর ইশরাকের নামাজ ও নাস্তার বিরতি।
• প্রথম অধিবেশন (সকাল ৯টা থেকে জোহর পর্যন্ত): এ অধিবেশনে কুরআনে কারিমের ফায়দা ও আদবসহ তিলাওয়াত, মোনাজাতে মকবুল, আকাবিরদের মালফুযাত পাঠ, মসজিদে প্রবেশ ও বের হওয়ার সুন্নত, ৩টি সহজ সুন্নত ও হুকুকে ওয়ালিদাইনের (মাতা-পিতার হক) মুজাকারা হবে। পাশাপাশি মজলিসে দাওয়াতুল হকের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপদ্ধতির ওপর আলোচনা, অতিথি উলামায়ে কেরামের বয়ান এবং আজান, ইকামত, ওজু, নামাজ ও জানাজা এবং কাফন-দাফনসহ সুন্নতের ব্যবহারিক আমলের বাস্তব প্রশিক্ষণ (মশকে আমলী) দেওয়া হবে।
• দ্বিতীয় অধিবেশন (বাদ জোহর থেকে আসর পর্যন্ত): এ পর্বে সারা দেশ থেকে আগত জেলা প্রতিনিধিদের কারগুজারি, তা’য়াসসুরাত এবং নতুন হালকার তাশকিল ও মারকাজের সংক্ষিপ্ত কারগুজারি পেশ করা হবে। সেই সাথে চলবে বিশিষ্ট ওলামায়ে কেরাম ও জেলাভিত্তিক জিম্মাদারদের বয়ান।
• তৃতীয় অধিবেশন (বাদ আসর থেকে মাগরিব): আসরের পর থেকে ‘এক মিনিটের মাদরাসা’ ও কুরআন তিলাওয়াত ও বিশিষ্ট শীর্ষস্থানীয় আলেমদের বয়ান অনুষ্ঠিত হবে।
• চতুর্থ অধিবেশন (বাদ মাগরিব থেকে রাত ১০টা ) : মাগরিবের পর থেকে ইশা ও রাত ১০টা পর্যন্ত শেষ পর্বে থাকবে ইহইয়ায়ে সুন্নত, রদ্দে বিদআত ও মুনকারাত (কুসংস্কার ও গর্হিত কাজ প্রতিরোধ)-এর ওপর বিশেষ আলোচনা। সবশেষে হযরত আমীরুল উমারা আল্লামা মাহমূদুল হাসানের আখেরি হেদায়াত ও মোনাজাতের মাধ্যমে ইজতেমা সম্পন্ন হবে।
বিশেষ আয়োজন, প্রস্তুতি ও সম্প্রচার:
ইজতেমা উপলক্ষ্যে দুই থেকে তিনটি নতুন বই প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া মাদরাসার আদব বিভাগের উদ্যোগে মাসিক আরবি পত্রিকা ও বিশেষ দেয়ালিকা প্রদর্শিত হবে এবং আবনায়ে মুহিউস সুন্নাহ’র উদ্যোগে তথ্যকেন্দ্র থাকবে।
দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা মাঠ নির্ধারণ, প্যান্ডেল নির্মাণ এবং মাদরাসা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মেহমানদের খাবারের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশায় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সরাসরি উপস্থিত হতে না পারা মুসল্লিদের জন্য ‘মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ’ অফিশিয়াল ফেসবুক পেজে (facebook.com/dawatulhaqueBD) সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।
মজলিসে দাওয়াতুল হকের সংক্ষিপ্ত পরিচিতি:
আকিদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত ও তাযকিয়া—শরিয়তের এই পাঁচটি মৌলিক বিষয়ের সমন্বয়ে মানুষের পূর্ণাঙ্গ জীবন গঠনের রূপরেখা নিয়ে ১৩৫৮ হিজরিতে হাকীমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহ. অরাজনৈতিক ইসলাহি সংগঠন ‘মজলিসে দাওয়াতুল হক’ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে হাফেজ্জী হুজুর রহ. এর ফিকিরে হযরত মাওলানা শাহ আবরারুল হক হারদুয়ী রহ. বাংলাদেশে আসেন। ১৯৯৩ সালের ২৪ এপ্রিল মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানকে আমীর হিসেবে মনোনীত করার মাধ্যমে বাংলাদেশে দাওয়াতুল হকের কার্যক্রম নতুন গতি লাভ করে


























