গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
এদিন সকালে মিছিল নিয়ে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জানিয়েছেন, বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে এসে পেট্রল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।
এর আগের দিন বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের থানাপাড়া এলাকার আরাফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে ভাঙচুর করা মালামাল বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
তার আগের দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।


























