বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১৪:৫৫, ১৯ নভেম্বর ২০২৬

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যান, বিএনপি নেতাকর্মীদের ছবি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। এ ছাড়া কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লিখে গেছে তারা।

বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল সাংবাদিকদের বলেন, রাতের অন্ধকারে সন্ত্রাসীরা বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। একই সঙ্গে শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে। তবে নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। দুর্বৃত্তদের প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে একই রাতে বাগেরহাট সদর উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করেও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এর এক দিন আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরপর এসব ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলে করে কয়েক ব্যক্তি এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: