বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরস্থায়ী বন্দোবস্তে বাজেয়াপ্ত জমি  ও তালুকদারদের নতুন অবস্থান

সাজেদ রহমান

প্রকাশিত: ১৮:৪৫, ১৯ নভেম্বর ২০২৬

চিরস্থায়ী বন্দোবস্তে বাজেয়াপ্ত জমি  ও তালুকদারদের নতুন অবস্থান

১৭৯০ সালের চিরস্থায়ী বন্দোবস্তের প্রস্তুতির সময় বাংলার জমিদারি ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। শুধু জমিদারদের রাজস্ব নির্ধারণ নয়, তাঁদের অধীন খাজনামুক্ত জমি, ধর্মীয় অনুদান এবং নির্ভরশীল তালুকদারদের অবস্থানও নতুন করে বিবেচনা করা হয়। এর ফলে বহুদিন ধরে জমিদার ও তাঁদের পরিবারের সদস্যদের ভোগদখলে থাকা কিছু জমি রাজস্বের আওতায় আসে। একই সঙ্গে জমিদারদের নিয়ন্ত্রণ থেকে তালুকদারদের পৃথক করে সরাসরি সরকারের অধীনে আনার উদ্যোগ নেওয়া হয়। ব্রিটিশ কর্মকর্তা জেমস ওয়েস্টল্যান্ড তাঁর যশোর জেলার ইতিহাসবিষয়ক বিবরণে এই পরিবর্তনের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।

ওয়েস্টল্যান্ডের বিবরণ অনুযায়ী, জমিদারদের জন্য নির্ধারিত ১০ শতাংশ ভাতা হিসাব করার আগে তাঁদের ভোগদখলে থাকা রাজস্বমুক্ত জমিগুলো বাজেয়াপ্ত করে জমিদারির অন্যান্য সম্পদের সঙ্গে যুক্ত করা হয়। পুরোনো ব্যবস্থায় এসব জমির মুনাফা জমিদাররা নিজেরাই ভোগ করতেন। নতুন বন্দোবস্তে কেবল ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গীকৃত জমির ক্ষেত্রে কিছুটা ছাড় রাখা হয়েছিল। তবে এই ছাড়ের ব্যাখ্যা ছিল অত্যন্ত সংকীর্ণ। ফলে ধর্মীয় অনুদানের নামেও সব জমি করমুক্ত রাখার সুযোগ ছিল না।

এ প্রসঙ্গে ওয়েস্টল্যান্ড মুহাম্মদশাহী জমিদারির একটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলেছেন। সেখানকার একজন রানী ধর্মীয় উদ্দেশ্যে প্রাপ্ত একটি অনুদান তাঁর ঋণ পরিশোধের জন্য ব্যবহার করেছিলেন। বিষয়টি বিবেচনা করে রাজস্ব বোর্ড ওই জমিকে সাধারণ সম্পদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। অর্থাৎ জমিটি আর ধর্মীয় অনুদান হিসেবে করমুক্ত থাকার যোগ্য বলে বিবেচিত হয়নি। তবে রানীর মর্যাদা ও অবস্থান বজায় রাখার জন্য সরকার তাঁকে বছরে তিন হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ইসফপুর জমিদারির ক্ষেত্রেও ধর্মীয় অনুদান নিয়ে কালেক্টর ও রাজস্ব বোর্ডের মধ্যে দীর্ঘ চিঠিপত্র আদান-প্রদান হয়। বিতর্কের বিষয় ছিল, রাজা মন্দিরের পূজা-অর্চনার জন্য যে জমি ও অর্থ বরাদ্দ করেছিলেন, সেগুলো জমিদারির মোট সম্পদের হিসাবে অন্তর্ভুক্ত হবে কি না। ওয়েস্টল্যান্ডের বিবরণে দেখা যায়, ইসফপুরের রাজার রাজস্ব নির্ধারণের হিসাবের মধ্যে মন্দিরের সেবায় ব্যয় করা ১৩ হাজার ৬৭৪ টাকা সম্পদ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কারণ, সেটি ছিল অর্থের অনুদান। কিন্তু একই পরিমাণ রাজস্ব প্রদানকারী জমি যদি মন্দিরের জন্য উৎসর্গ করা হতো, তাহলে সেটি সম্পদের হিসাবে অন্তর্ভুক্ত করা হতো না। অর্থাৎ ধর্মীয় উদ্দেশ্য এক হলেও অনুদানের ধরন অনুযায়ী কর নির্ধারণের ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণ করা হয়েছিল।

নতুন বন্দোবস্তে জমিদারদের প্রকৃত আর্থিক সুবিধা কতটা বজায় ছিল, তা নির্ভর করছিল তাঁদের আগের খাজনামুক্ত জমির পরিমাণের ওপর। এসব জমি বাজেয়াপ্ত হওয়ায় অনেক জমিদার আগের তুলনায় সম্পদের একটি অংশ হারান। ওয়েস্টল্যান্ড উল্লেখ করেছেন, বড় জমিদার পরিবারগুলোতে শুধু জমিদারের নিজের জন্য নয়, তাঁর মা, স্ত্রী এবং অন্যান্য নিকটাত্মীয়ের জন্যও পৃথক ভাতাভোগী জমি রাখার প্রচলন ছিল। নতুন বন্দোবস্তে এসব জমিও প্রথমবারের মতো জমিদারির মোট সম্পদের হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। ইসফপুরের রাজস্ব নির্ধারণের সময় রানীর ৫ হাজার ৪৩ টাকা মূল্যের জমিও সম্পদের মধ্যে ধরা হয়েছিল।

চিরস্থায়ী বন্দোবস্তের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল নির্ভরশীল তালুকদারদের পৃথকীকরণ। তালুকদাররা ছিলেন এক শ্রেণির ক্ষুদ্র ভূস্বামী, যাঁরা বৃহত্তর জমিদারদের অধীনে জমি ভোগ করতেন এবং তাঁদের মাধ্যমেই সরকারকে রাজস্ব দিতেন। তাঁদের কেউ কেউ জমিদারদের কাছ থেকে জমি কিনে তালুকের অধিকার লাভ করেছিলেন। অনেকেই জমির উন্নয়নে অর্থ ব্যয় করেছিলেন এবং তুলনামূলক কম খাজনায় জমি ভোগ করতেন।

কিন্তু জমিদারদের সঙ্গে তাঁদের সম্পর্ক সব সময় ভালো ছিল না। জমিদার বা তাঁদের পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত কিছু অধিকার অনেক ক্ষেত্রে পরবর্তী জমিদারদের স্বার্থের পরিপন্থি হয়ে দাঁড়িয়েছিল। ফলে তালুকদাররা জমিদারদের বিরাগভাজন হন। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল তালুকদাররা জমিদারদের অতিরিক্ত আদায় ও জবরদস্তির শিকার হতেন। মুহাম্মদশাহী জমিদারির উদাহরণেও তালুকদারদের সঙ্গে জমিদারদের বিরোধপূর্ণ আচরণের পরিচয় পাওয়া যায়।

এই পরিস্থিতি বিবেচনায় সরকার নির্ভরশীল তালুকদারদের জমিদারদের নিয়ন্ত্রণ থেকে পৃথক করার নির্দেশ দেয়। নতুন ব্যবস্থায় তাঁদের রাজস্ব আর জমিদারের মাধ্যমে আদায় না করে সরাসরি সরকারের কোষাগারে জমা দেওয়ার বিধান করা হয়। এর ফলে তাঁরা বৃহত্তর জমিদারদের অধীন অবস্থান থেকে বেরিয়ে এসে অন্যান্য স্বতন্ত্র জমিদারের মতো রাজস্ব প্রদানের সুযোগ পান। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: