বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৭:০৭, ১৯ নভেম্বর ২০২৬

দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

লালমনিরহাট সদর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে ও শক্তভাবে জবাব দিই। যাতে করে তারা আর ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

আজ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে. সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার, গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকার তারা আবার কেড়ে নিতে চায়।

তিনি বলেন, গত কয়েকদিন দেখেছেন, ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুটতরাজ করেছে, মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে। পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুনের সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। মানুষকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।

বাংলাদেশের মানুষ আর ভোট দখলের, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে। তারা ৬০ জন শিশুকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সকল রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মহেন্দ্রনগর মডেল খাল খনন সম্পন্ন হলে যে পানি আসবে, তার মাধ্যমে কৃষক ভাইয়েরা সেচের সুবিধা পাবে। খালের পাশে বসবাসকারী প্রত্যেকটি মানুষ পানির কষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।

এর আগে প্রধানমন্ত্রী মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে দলের নেতা-কর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখতে পথের দুই ধারে ভিড় করেন জনসাধারণ। নানা রঙের পোশাক পড়ে বর্ণিল ডিসপ্লের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করে শিশুরাও। এছাড়া নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয় সভাস্থল।

একদিনের সফরে আজ সকালে লালমনিরহাট পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সকার সাড়ে ১০ টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

সফরের নির্ধারিত কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: