ঝিনাইদহে বিয়ের প্রস্তাব ঘিরে হুমকি, বাড়িতে হামলা ও ধর্ষণের অপবাদ দেওয়ার অভিযোগ করেছেন জামায়াত নেতা ও ইসলামী ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমান। এসব অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে আজিজুর রহমান বলেন, গত ৭ অক্টোবর আরাপপুর সোনালীপাড়ার বাসিন্দা ঘটক মিজানুর রহমানের মাধ্যমে শারমিন তানিয়া নামের এক নারীর সঙ্গে বিয়ের প্রস্তাব পান তিনি। ১০ অক্টোবর মকবুল প্লাজার একটি রেস্টুরেন্টে ওই নারীর সঙ্গে তাঁর সরাসরি সাক্ষাৎ হয়। সে সময় ওই নারীর ছেলেও উপস্থিত ছিলেন। ২২ অক্টোবর তিনি ওই নারীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। উভয় পক্ষের সম্মতিতে বিয়ের প্রাথমিক সিদ্ধান্ত হয় এবং এ জন্য তিনি কিছু কেনাকাটাও করেন।
আজিজুর রহমান জানান, পরে ঢাকা থেকে তাঁর সন্তানেরা বাড়িতে এলে বিয়ের বিষয়ে আলোচনা হয়। সন্তানদের সঙ্গে আলোচনার পর তিনি আরও সময় নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বিষয়টি ওই নারীর মামাকে জানান।
তাঁর অভিযোগ, এরপর থেকে শারমিন তানিয়া তাঁকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। বিয়ে না করলে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জোরপূর্বক বিয়েতে বাধ্য করা, সন্তানদের বাড়িছাড়া করা এবং ঝিনাইদহ থেকে বিতাড়নের হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন। এ ঘটনায় ১৬ নভেম্বর ঝিনাইদহ সদর থানায় শারমিন তানিয়ার বিরুদ্ধে অভিযোগ দেন তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে শারমিন তানিয়া ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে আজিজুর রহমানের বাড়ির সামনে যান। অভিযোগ অনুযায়ী, সে সময় বাড়ি দখলের চেষ্টা, গেট ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও অশালীন গালিগালাজ করা হয়। উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয়দের সামনে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা হয় বলেও দাবি করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের সরিয়ে দেয়।


























