বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার অপরাধজগতে মৃণাল-দাদা তপনদের পর ৯ গোষ্ঠীর দাপট

প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১১:২১, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:০৩, ১৮ নভেম্বর ২০২৬

খুলনার অপরাধজগতে মৃণাল-দাদা তপনদের পর ৯ গোষ্ঠীর দাপট

খুলনায় অপরাধী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান ও নজরদারি জোরদারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খুলনার অপরাধজগতে একসময় আতঙ্কের নাম ছিল মৃণাল, দাদা তপন, মোফাখ্খার চৌধুরী, হিটলার ও রশীদ। সময়ের সঙ্গে বদলেছে অপরাধের ধরন, নেতৃত্ব ও গোষ্ঠীর নাম। পুরোনো চরমপন্থী তৎপরতার জায়গায় গড়ে উঠেছে নতুন অপরাধী নেটওয়ার্ক। বর্তমানে ‘গ্রেনেড বাবু’র বি-কোম্পানিসহ অন্তত নয়টি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নগর ও আশপাশের এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, দখলদারি ও আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। এসব গোষ্ঠীর বিরোধ ও পাল্টাপাল্টি হামলায় বাড়ছে খুনোখুনি। নেতৃত্ব বদলালেও বন্ধ হচ্ছে না সহিংসতা। ২০২৬ সালের ১৬ নভেম্বর পর্যন্ত সাড়ে ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় ৮০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ সময়ে হত্যা মামলা হয়েছে ৭৯টি।

সন্ত্রাস দমনে যৌথবাহিনীর মহড়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ দুজন আহত হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে বুড়ির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই এবং ভ্যানচালক খালেক। দুর্বৃত্তদের গুলিতে সোলায়মানের পা, হাত ও ঘাড়ে এবং খালেকের শরীরে গুলি লাগে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তাঁর পা, হাত ও ঘাড়ে গুলি লাগে। পালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে খালেক নামে এক ভ্যানচালকও আহত হন।’

পুরোনো চরমপন্থী তৎপরতার ধারাবাহিকতা

খুলনার অপরাধজগতের ইতিহাস কয়েক দশকের। নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুর দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চরমপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা ছিল আতঙ্কের কারণ। সে সময় আলোচিত নামগুলোর মধ্যে ছিল মৃণাল, দাদা তপন, মোফাখ্খার, হিটলার, রশীদ, সোয়েব ও সুমন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী অপরাধজগতের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন দাদা তপন। ডুমুরিয়ার মৃণালকে ঘিরে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির তৎপরতাও ব্যাপক আলোচনায় ছিল। মোফাখ্খারসহ অন্যদের নামও তখন অপরাধজগতের আলোচনায় উঠে আসত। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, গ্রেপ্তার ও সংঘর্ষে পুরোনো অপরাধী নেটওয়ার্কের অনেক নেতার তৎপরতা বন্ধ হয়। তবে অপরাধের কাঠামো পুরোপুরি ভেঙে পড়েনি। সময়ের সঙ্গে নতুন নেতৃত্ব ও নতুন গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে।

এরই ধারাবাহিকতায় দৌলতপুর ও আশপাশের এলাকায় চরমপন্থী তৎপরতা থেকে অপরাধজগতে আসা নাসিম গ্রুপ সক্রিয় ছিল। গত ৪ অক্টোবর বেলা ১১টার দিকে দিঘলিয়ার ফরমায়েশখানা এলাকায় বাড়ির সামনে চা খেতে বেরিয়ে গুলিতে নিহত হন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫)।

দিঘলিয়া থানার ওসি খন্দকার সানোয়ার হুসাইন মাসুম বলেন, নাসিম পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা ছিল, যার চারটি হত্যা মামলা। সব মামলাতেই তিনি জামিনে ছিলেন। পুরোনো অস্ত্র কেনাবেচার লেনদেন নিয়ে বিরোধের ধারাবাহিকতায় সন্ত্রাসী গোষ্ঠীর গুলিতে তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আলোচনায় অন্তত ৯টি গোষ্ঠী

বর্তমানে খুলনার অপরাধজগতে আলোচিত গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি-কোম্পানি, শেখ পলাশ গ্রুপ, নূর আজিম গ্রুপ, আশিক বাহিনী, হুমা বাহিনী, টেংকি শাওন গ্রুপ, আরমান শেখ গ্রুপ, শাকিল শেখ গ্রুপ এবং নাসিম গ্রুপ। নাসিমের মৃত্যুর পর তাঁর গ্রুপটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।

স্থানীয়দের অভিযোগ, এসব গোষ্ঠীর তৎপরতার কেন্দ্রে রয়েছে মাদক কারবার, চাঁদাবাজি, দখলদারি ও এলাকাভিত্তিক আধিপত্য। কোনো কোনো গোষ্ঠীর মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটছে। আবার অপরাধী নেটওয়ার্কের সদস্যদের একাংশের বিরুদ্ধে কিশোর ও তরুণদের অপরাধে যুক্ত করা হয়েছে। 

অপরাধী নেটওয়ার্কের তৎপরতা নগরীর মধ্যে সীমাবদ্ধ নেই। রূপসা, তেরখাদা, দিঘলিয়া, আড়ংঘাটা, কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়াসহ বিভিন্ন এলাকায় ছোট ছোট অপরাধী নেটওয়ার্কের সক্রিয় রয়েছে।

‘বি-কোম্পানি’ ও গ্রেনেড বাবু

খুলনার সাম্প্রতিক অপরাধজগতে আলোচিত নাম রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০০৪ সালে খুলনা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ তৈয়েবুর রহমানের গাড়িতে গ্রেনেড হামলার ঘটনার পর তাঁর নামের সঙ্গে ‘গ্রেনেড’ শব্দটি যুক্ত হয়।

অভিযোগ রয়েছে, মুম্বাইয়ের অপরাধজগতের আদলে তিনি নিজের অনুসারীদের নিয়ে ‘বি-কোম্পানি’ গড়ে তোলেন। তাঁর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও হামলাসহ অন্তত দেড় ডজন মামলা রয়েছে। একটি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাঁর অনুপস্থিতিতে কসাই লিটন ও আজম শেখের মতো সহযোগীরা মাঠপর্যায়ে চাঁদাবাজি ও দখলদারি নিয়ন্ত্রণ করেন বলে স্থানীয় সূত্রের দাবি।

অন্যদিকে, শেখ পলাশ গ্রুপের বিরুদ্ধে বি-কোম্পানির সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের অভিযোগ রয়েছে। আশিক, হুমা, নূর আজিম ও টেংকি শাওন গ্রুপের বিরুদ্ধেও বিভিন্ন এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, অস্ত্রবাজি ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

আরমান শেখ গ্রুপের বিরুদ্ধেও মাদক কারবার ও এলাকাভিত্তিক দখলদারত্ব নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এই গ্রুপের সঙ্গে থেকে গুলিতে নিহত চরমপন্থী নাসিমের সহযোগী নিরব কাজ করতেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

যা বলছে পুলিশ

খুলনার পুলিশ সুপার ওমর ফারুক বলেন, সন্ত্রাস দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। থানার সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার ও সমন্বিত চেকপোস্ট বসানোর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে দুর্গম ও সরু সড়ক ব্যবহার করে দ্রুত পালিয়ে যায়। এক থানার এলাকায় অপরাধ করে অন্য থানায় চলে যায়। এ কারণে থানাগুলোর মধ্যে সমন্বিত অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ‘খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশ শক্ত অবস্থান নিয়েছে। অধিকাংশ হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে। বেশির ভাগ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধের সঙ্গে যুক্তদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি চলছে।’

খুলনার অপরাধজগতে মৃণাল, দাদা তপন কিংবা মোফাখ্খারদের সময় পেরিয়ে নতুন নেতৃত্ব এসেছে। কিন্তু মাদক, চাঁদাবাজি, অস্ত্র ও আধিপত্যের যে কাঠামো অপরাধকে টিকিয়ে রেখেছে, তা এখনো পুরোপুরি ভাঙা যায়নি। অপরাধী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের অর্থের উৎস, অস্ত্রের সরবরাহ এবং আশ্রয়দাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে নেতৃত্ব বদলাবে, গোষ্ঠীর নাম বদলাবে—কিন্তু সহিংসতার চক্র ভাঙবে না।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: