শনিবার ২১ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন

প্রতিনিধি, গোপালগঞ্জ

প্রকাশিত: ২১:৩০, ২০ নভেম্বর ২০২৬

স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন

সংগৃহীত ছবি

গোপালগঞ্জ জেলায় গত তিন দিনের টানা সংঘর্ষ, অবরোধ ও অগ্নিসংযোগের পর  জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় মানুষ ও যানবাহনের চলাচল বেড়েছে।

গোপালগঞ্জে তিন দিন ধরে নাশকতা চালিয়ে যাচ্ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীরা। আজ জেলার কোথাও তাঁদের উপস্থিতি চোখে পড়েনি। রাস্তায় স্বাভাবিক যান চলাচলের পাশাপাশি শহরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে।

গত ২৪ অক্টোবর গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। সেদিন দেশি অস্ত্র হাতে সাম্প্রতিক সময়ের প্রথম বড় মহড়া দিতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের। একই দিনে কাশিয়ানী, টুঙ্গিপাড়া এবং সদরের লঞ্চঘাট, সোনাকুড় ও এলজিইডি মোড়সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করা হয়।

১৫ নভেম্বর আবারও সশস্ত্র অবস্থায় শহরে সড়ক অবরোধ, মহড়া ও ভাঙচুর চালানো হয়। ওই দিন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়িতে আগুন দেওয়া হয় এবং যুবদলের কার্যালয় ভাঙচুর করা হয়। একই দিন গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয় এবং বিজিবি মোতায়েন করা হয়।


পরদিন ১৬ নভেম্বর রাতে প্রায় আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে ঢোকেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা ও গোপালগঞ্জ–৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ অন্তত ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এরপর গোপালগঞ্জ–২ আসনের সংসদ সদস্য কে এম বাবর, মুকসুদপুর থানা, গোপালগঞ্জ–১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী, দলীয় কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

আজ সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক টহল দেখা গেছে। পরিস্থিতি পর্যালোচনায় আজ গোপালগঞ্জে আসেন পুলিশ, এসআরবি ও বিজিবির প্রধানেরা। দুপুরে গোপালগঞ্জ সার্কিট হাউসে আশপাশের জেলার পুলিশ সুপার, বিজিবি ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তাঁরা বৈঠক করেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: