নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে রাজনৈতিক সহিংসতার ঘটনায় বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রামটির অর্ধশতাধিক বাড়িতে আগুন দেওয়ার তথ্য ছড়িয়েছে। তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, সাত থেকে আটটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগের এক নেতার দাবি, অন্তত ২০টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবরকে মিথ্যা ও বানোয়াট বলেছে পুলিশ।
কালিয়ার বিএনপি নেতাদের দাবি, যেসব বাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেগুলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের। গ্রামটিতে হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষের বসবাস নেই বলেও জানিয়েছেন তাঁরা।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, ‘হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে বলে যে খবর ছড়ানো হচ্ছে, সেটি সঠিক নয়। আমি ইতিমধ্যে গ্রামটি পরিদর্শন করেছি। হামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে।
নাম প্রকাশ না করার শর্তে কালিয়া উপজেলার এক বিএনপি নেতা (সংখ্যালঘু সম্প্রদায়ের) দাবি করেন, সাবেক এমপি মুক্তির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এরপর সাবেক চেয়ারম্যান লিটন ফকিরের বাড়ি, জাকারিয়ার বাড়ি, কামাল মোল্লার বাড়ি, আকবর মোল্লার বাড়ি, টুকু চেয়ারম্যানের (সাবেক) বাড়ি, বিপ্লব বিশ্বাসের তিন ভাইয়ের বাড়ি, বিল্লালের বাড়ি, নূর ইসলাম শেখের দোকান ও বাড়ি এবং জাহিদুল শেখের দোকানে আগুন দেওয়া হয়েছে।
বেন্দারচর গ্রামে প্রায় ২ হাজার ২০০ ভোটার। গ্রামটি দুটি পাড়ায় বিভক্ত। পশ্চিম পাড়াকে আওয়ামী লীগের পাড়া এবং পূর্ব পাড়াকে বিএনপির পাড়া হিসেবে চেনেন স্থানীয়রা। শুক্রবার রাতে মূলত পশ্চিম পাড়ায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় ওই বিএনপি নেতার দেওয়া তথ্যের সঙ্গে ভিন্নমত জানিয়েছেন পশ্চিম পাড়ার এক আওয়ামী লীগ নেতা। তিনি এখন পলাতক। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে কালবেলাকে তিনি বলেন,আমার দোকান লুটপাট করা হয়েছে। আমাদের পাড়ায় কোনো পুরুষ নেই। অনেক বাড়ির মহিলাও ঘরছাড়া। কমপক্ষে ২০টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
বিএনপি নেতাদের দেওয়া তথ্য সঠিক নয় দাবি করে তিনি বলেন, আপনি যাদের নাম বললেন, তাদের পাশাপাশি আলাল উদ্দিন শেখের দোকান, মোয়াজ্জেম শেখের বাড়ি, বাশার শেখের বাড়ি, শাহাজান বিশ্বাসের বাড়ি, টিপলু বিশ্বাস ও ভুলু বিশ্বাসের বাড়িতেও আগুন দিয়েছে। আমাদের বাড়ি একদম শেষ মাথায়। বাড়ি থেকে কেউ বের হতে পারছে না। তাই নির্দিষ্ট করে আরও নাম উল্লেখ করতে পারছি না। আমার ধান লুটপাট করেছে বৃহস্পতিবার। দোকানের মালিক ঠেকাতে গেলে তাকে মারধর করা হয়েছে। আমার সবাই গ্রামছাড়া।
জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে কৃষকদল ও জাসাসের দুই নেতাসহ ১০ থেকে ১৫ জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই নেতা মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪০) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)। স্থানীয়ভাবে তাঁরা শাহীন মোল্যা ও সোহেল মোল্যা নামেও পরিচিত।
জোড়া হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, বিক্ষুব্ধ লোকজন এসব হামলায় অংশ নেন। এতে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
নিহত দুই নেতার কবর জিয়ারত এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ শেষে তাঁরা এলাকা ত্যাগ করার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সাবেক সংসদ সদস্যের বাড়িসহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মীর বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, শুক্রবার বিকেল চারটার দিকে তাঁরা ওই গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন লাগার খবর পান। তবে গ্রামে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় বাধার মুখে পড়েন। সেগুলো সরিয়ে রাত আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল বলে জানান তিনি।
হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর মিথ্যা: পুলিশ
শনিবার নড়াইল জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যেসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। হিন্দু সম্প্রদায়ের কারও ওপর হামলা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগে ধারণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচার চালাচ্ছেন। এর মাধ্যমে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের জের ধরে শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ভুক্তভোগীদের আত্মীয়স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে একত্রিত হন। এ সময় তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালান। খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


























