খুলনা নগরীর ব্যস্ততম শিববাড়ি মোড়ে দেয়ালচিত্রে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আবারও বিকৃত করার ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) সকালে স্থানীয়রা প্রতিকৃতির মুখমণ্ডল কালো রঙে ঢাকা অবস্থায় দেখতে পান। একই স্থানে মাত্র ১৬ দিনের ব্যবধানে দ্বিতীয়বার এ ঘটনা ঘটল।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীত পাশে রেলওয়ের সীমানাপ্রাচীরে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি ও গ্রাফিতি আঁকা হয়েছে। রোববার সকালে দেখা যায়, দেয়ালের অন্য চিত্রকর্মগুলো অক্ষত থাকলেও শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলে স্প্রে করে কালো রং ছিটিয়ে দেওয়া হয়েছে।
ওই দেয়ালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কবি মাইকেল মধুসূদন দত্ত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদির প্রতিকৃতিও রয়েছে।
ঘটনার বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে গত ৬ নভেম্বর একই স্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। পাশাপাশি দেয়ালে রবীন্দ্রনাথবিরোধী পোস্টারও সাঁটানো হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক কর্মীরা ক্ষোভ ও নিন্দা জানান। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে ৭ নভেম্বর প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়।
কিন্তু সংস্কারের মাত্র ১৬ দিনের মাথায় আবারও একই প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় নগরীর সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। পরপর দুইবার একই চিত্রকর্ম আক্রান্ত হওয়ার ঘটনায় এর পেছনে কারা জড়িত, তা শনাক্ত এবং নগরীর গুরুত্বপূর্ণ স্থানে থাকা শিল্পকর্মগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সামনে এসেছে।


























