সোমবার ২৩ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি

প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১০:৪৪, ২২ নভেম্বর ২০২৬

তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি

খুলনার তেরখাদা উপজেলায় মাফিক সরকার (৪০) নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাফিক সরকার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেন সরকারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য।

স্থানীয়দের বরাত দিয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস জানান, মাফিক সরকার মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। বন্ধুর মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার-পাঁচজন অস্ত্রধারী তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। এর মধ্যে তিনটি গুলি তাঁর কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়।

ওসি জানান, স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে খুলনা জেলা ও মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশের হিসাব অনুযায়ী, চলতি বছরের সাড়ে ১০ মাসে এ দুই এলাকায় ৭৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গুলিতে আহত হয়েছেন শতাধিক মানুষ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত এক মাসে খুলনায় অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন নয়জন। তাঁদের মধ্যে পাঁচজন খুলনা মহানগরে, তিনজন রূপসা উপজেলায় এবং একজন ডুমুরিয়া উপজেলায় নিহত হয়েছেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: