সোমবার ২৩ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ১৩৯ ঘর পরিত্যক্ত

সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ১১:১৭, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৪৬, ২২ নভেম্বর ২০২৬

ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ১৩৯ ঘর পরিত্যক্ত

ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য খাসজমিতে পাশাপাশি তিনটি আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হয়েছিল। ২৩০টি পরিবারের জন্য নির্মাণ করা হয় ২৩০টি ঘর। কিন্তু নির্মাণের ১০ বছরের মধ্যেই ১৩৯টি ঘর পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এসব ঘর নির্মাণে ব্যয় হওয়া সরকারি অর্থের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কাদের শেখের ডাঙ্গী এলাকায় পদ্মা নদীর দুর্গম চরে প্রকল্প তিনটি অবস্থিত। ‘কেউ থাকবে না ভূমিহীন’ স্লোগান সামনে রেখে গড়ে তোলা এসব আশ্রয়ণকেন্দ্রে বর্তমানে মাত্র ৯১টি ঘরে মানুষ বসবাস করছেন।

আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দারা জানান, ঘর বরাদ্দের সময় তাঁদের বলা হয়েছিল, আদর্শ গ্রামের আদলে প্রকল্পগুলো গড়ে তোলা হবে। জমিসহ ঘরের দলিল দেওয়া হবে। দুই সারি ঘরের মাঝখানে ছয় ফুট প্রশস্ত রাস্তা, বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে। সমবায় পদ্ধতিতে মাছ চাষ এবং গোচারণের ব্যবস্থাও থাকবে। তবে এসব প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়িত হয়নি।

তাঁদের ভাষ্য, বসবাসের উপযোগী পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় অনেকে অন্যত্র চলে গেছেন। পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় ও অনিয়মের মাধ্যমে সচ্ছল পরিবারের সদস্যদেরও ঘর বরাদ্দ দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, শুরু থেকেই ৬০টি ঘর ফাঁকা পড়ে আছে।

১৩৯ ঘরে বসবাস নেই
কাদের শেখের ডাঙ্গী এলাকায় প্রথম আশ্রয়ণকেন্দ্রটি নির্মাণ করা হয় ২০১৬-১৭ অর্থবছরে। এ প্রকল্পে ৭০টি ঘর নির্মাণ করা হয়। উপকারভোগীদের ভাষ্য, বারান্দাসহ ২০ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি ঘরে শৌচাগার ও রান্নাঘরসহ নির্মাণ ব্যয় হয়েছিল দেড় থেকে দুই লাখ টাকা। বর্তমানে ৭০টি ঘরের মধ্যে ৩৩টিতে মানুষ বসবাস করছেন। বাকি ৩৭টি ঘর পরিত্যক্ত বা তালাবদ্ধ।

সদরপুর উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে ৮ দশমিক ২০ একর জমিতে আকোটের চর গুচ্ছগ্রামে ১০০টি ঘর নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ১ কোটি ৫০ লাখ টাকা। বর্তমানে ১০০টি ঘরের মধ্যে ৫৮টিতে বাসিন্দা আছেন। বাকি ৪২টি ঘর পরিত্যক্ত।

২০১৮-১৯ অর্থবছরে ৭ দশমিক ৮৫ একর জমিতে নির্মাণ করা হয় ৬০টি ঘর। এতে ব্যয় হয় ৯০ লাখ টাকা। বর্তমানে এ প্রকল্পের ৬০টি ঘরই পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

তিনটি প্রকল্পে মোট ২৩০টি ঘর নির্মাণে সরকারি ব্যয় হয়েছে ৩ কোটি ৪৫ লাখ টাকা। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় দেড় লাখ টাকা ধরে হিসাব করলে ১৩৯টি পরিত্যক্ত ঘরের পেছনে ব্যয় হয়েছে ২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ মোট ব্যয়ের প্রায় ৬০ দশমিক ৪৩ শতাংশের কার্যকর ব্যবহার নিশ্চিত হয়নি। 

সচেতন নাগরিক কমিটির (সনাক) ফরিদপুর শাখার সভাপতি শিপ্রা রায় বলেন, ‘এ ধরনের প্রকল্প সরকারি অর্থের অপচয়। যা খুবই দুঃখজনক। যাঁরা ঘরগুলোর বরাদ্দ পেয়েও ব্যবহার করছেন না, তাঁদের বরাদ্দ বাতিল করা দরকার। সেই সঙ্গে বরাদ্দের সময় জমি দলিল করে দেওয়াসহ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করতে পদক্ষেপ নেওয়া উচিত।’

বসবাসের অনুপযোগী ঘর, নেই প্রয়োজনীয় সুবিধা
গত ৫ সেপ্টেম্বর তিনটি আশ্রয়ণকেন্দ্র ঘুরে দেখা যায়, ঘরগুলোর দেয়াল ইটের হলেও মেঝে কাঁচা। বাইরে টিনের বেড়া এবং ছাদে টিনের চাল। ঘরগুলোর কোনো কোনোটিতে রান্নাঘর ও শৌচাগার রয়েছে, আবার কোনোটিতে নেই। কিছু ঘর তালাবদ্ধ। কোনো কোনো ঘরের দরজা-জানালা নেই; সেগুলো নোংরা অবস্থায় পড়ে আছে।

একটি আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দা সুজন কাঠুরিয়া বলেন, ‘যেসব ঘরে কেউ থাকেন না, তাঁদের সবার বাড়িঘর ও জমি আছে। তাঁরা রাজনৈতিক বিবেচনায় অনিয়ম করে ঘর বরাদ্দ পেয়েছেন। যখন কোনো সুযোগ-সুবিধা দেওয়ার কথা শোনেন, তখন তাঁরা এসে হাজির হন।’

বাসিন্দা শেখ তারা মিয়া বলেন, গরু লালন-পালনের জন্য গোচারণভূমি করে দেওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি।

প্রথম প্রকল্পের আশ্রয়ণকেন্দ্রে বসবাস করেন কাকলী আক্তার। তিনি বলেন, ‘আশ্রয়ণকেন্দ্রের পাশে কোনো বিদ্যালয় নেই। এ কারণে বাচ্চাদের পড়াশোনা করাতে অসুবিধা হয়। অসুস্থ হলে নদী পার হয়ে উপজেলা সদরে যেতে হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয়।’

বাসিন্দাদের অভিযোগ, পরিত্যক্ত ঘরগুলোতে মাদকের আসর বসে। সন্ধ্যার পর সেখানে মাদকের কারবার চলে। দুর্গম এলাকা হওয়ায় পুলিশি টহলও তেমন দেখা যায় না। এসব কর্মকাণ্ডে সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত বলে তাঁদের অভিযোগ।

বরাদ্দ ও নির্মাণে অনিয়মের অভিযোগ
আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম ব্যাপারী আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘ঘর নির্মাণের সময় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করা হয়নি। ঘর বরাদ্দ দেওয়া হয়েছে খেয়ালখুশিমতো ও রাজনৈতিক বিবেচনায়।’

সদরপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, যেসব ঘরে কেউ বসবাস করছেন না, সেগুলো জরিপ করে শনাক্ত করা হবে। ভূমিহীন কোনো পরিবার সেখানে বসবাস করতে চাইলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। 

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, ‘একটি আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘর বসবাসের অনুপযুক্ত হয়ে রয়েছে। প্রকল্পের কাজ পরিপূর্ণভাবে শেষ হওয়ার আগেই রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় নিবাসীদের দলিল করে দেওয়ার বিষয়টি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।’

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: