সোমবার ২৩ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্টেশনে সৌরবিদ্যুৎ স্থাপন ও যন্ত্রাংশ কেনায় সরাসরি প্রস্তুতকারকের সঙ্গে চুক্তির প্রস্তাব

আয় বাড়াতে রেলের সম্পদ যাচ্ছে বেসরকারি খাতে

ঢাকা অফিস

প্রকাশিত: ১৩:২৫, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:২৫, ২২ নভেম্বর ২০২৬

আয় বাড়াতে রেলের সম্পদ যাচ্ছে বেসরকারি খাতে

বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে অব্যবহৃত জমি বাণিজ্যিকভাবে ব্যবহারের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসব জমিতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে হাসপাতাল, আন্তর্জাতিক মানের হোটেলসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগ নিতে বলা হয়েছে। পাশাপাশি রেলওয়ে স্টেশনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, যাত্রীসেবার মান উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কেনায় সরাসরি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সুপারিশ করেছে কমিটি।

গত ১০ নভেম্বর কমিটির সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর স্বাক্ষরিত নথিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। রেলওয়ের আয় বৃদ্ধি, পরিচালন ব্যয় কমানো, অবকাঠামো উন্নয়ন ও যাত্রীসেবার মান বাড়ানোর লক্ষ্যে এসব সুপারিশ করা হয়েছে।

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজিজুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।
নথিতে বলা হয়েছে, রেলওয়ের অব্যবহৃত জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করে আয় বাড়াতে হবে। এ ক্ষেত্রে পিপিপি মডেলে হাসপাতাল, আন্তর্জাতিক মানের হোটেলসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের সম্ভাবনা কাজে লাগানোর সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া যাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে যেসব স্টেশনে যাত্রীছাউনি ও ফুটওভার ব্রিজ নেই, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সব রেলওয়ে স্টেশনের ছাদে ওপেক্স মডেলে রুফটপ সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

রেলওয়ের পরিচালনব্যবস্থায় দক্ষতা ও স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় জনবল ও ব্যবস্থাপনা নিশ্চিত করা, চলমান কার্যক্রমের তথ্য-উপাত্ত পর্যালোচনা এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
ইজারা দেওয়া জমির ব্যবহার নিয়েও নির্দেশনা রয়েছে। মূল লিজগ্রহীতার বাইরে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ইজারাকৃত জমি হস্তান্তর কিংবা সাবলিজ দেওয়ার ক্ষেত্রে মূল ইজারার শর্ত ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, ‘অব্যবহৃত কিছু জায়গায় আমরা বৃক্ষরোপণ করা শুরু করেছি এবং কিছু জায়গা সোলার প্যানেল বসানোর জন্য চিহ্নিত করেছি। সোলার পাওয়ার প্ল্যান্ট করার জন্য আমরা কিছু জায়গা নির্ধারিত করেছি। যদি সেরকম ইনভেস্টর আসে, সরকারের যে নীতিমালা হচ্ছে, সেই নীতিমালার আলোকে হয়তো আমরা এই জায়গাগুলো ব্যবহার করতে পারি।’

তিনি বলেন, ‘কিছু জায়গায় আমাদের কমার্শিয়াল ভবন বা হোটেল, হাসপাতাল করার জন্য একটা প্রস্তাবনা আছে। এগুলো নিয়ে আলোচনা চলছে। কিভাবে করা যায়, কী করা যায়, সেগুলো নিয়ে আমরা কাজ করছি।’
রেলওয়ের ঢাকা ও চট্টগ্রাম হাসপাতাল পিপিপির আওতায় দেওয়ার পরিকল্পনা সম্পর্কেও কথা বলেন মহাপরিচালক। তিনি বলেন, হাসপাতাল দুটি পিপিপির আওতায় দেওয়ার জন্য আগে একটি সমঝোতা স্মারক হয়েছিল। পরে সেই কার্যক্রম আর এগোয়নি। বিষয়টি নতুন করে বিবেচনা করা হচ্ছে। পিপিপির আওতায় পরিচালনা করা হবে, নাকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে পিপিপিতে পরিচালনার সম্ভাবনা রয়েছে।

রেলওয়ের সম্পদ বেসরকারি খাতে ব্যবহারের উদ্যোগের সুফল নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, ‘প্রথমে সবকিছু ভালো উদ্দেশ্য নিয়েই শুরু করা হয়, উদ্দেশ্য মহৎ থাকে। বাস্তবিক অর্থে যদি ফলাফল দেখতে যাই, পিপিপির অর্থ বেসরকারি উদ্যোক্তার পকেটে ঢুকে পড়ে। রেলের পকেটে কিঞ্চিৎ ঢোকে। ফলাফলের খাতায় শূন্য হয়।’

তিনি আরও বলেন, রেল বেসরকারীকরণের ফলে ঠিকাদারদের হাতে রেল জিম্মি হয়ে যাচ্ছে। রেলের বগি ও কোচ কমেছে। ফলে যাত্রীসেবার মূল উদ্দেশ্যে রেল মনোযোগী হতে পারছে না।
রেলওয়ের ইঞ্জিন, জেনারেটরসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কেনায় মধ্যস্বত্বভোগীদের নির্ভরতা কমানোর সুপারিশ করেছে কমিটি। এসব সরঞ্জাম সরাসরি মূল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছ থেকে কেনার কথা বলা হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের সংশ্লিষ্ট ডিলার বা এজেন্টের মাধ্যমে কেনাকাটা করা যাবে।

তবে প্রতিটি দরপত্রের সঙ্গে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিনামূল্যে পণ্য প্রতিস্থাপনের ওয়ারেন্টি সনদ এবং টেন্ডার নম্বর ও তারিখ উল্লেখসহ অনুমোদনপত্র নিশ্চিত করতে বলা হয়েছে। এতে কেনাকাটায় স্বচ্ছতা ও পণ্যের গুণগত মান নিশ্চিত হবে বলে মনে করছে কমিটি।

এ ছাড়া সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানা ও নীলফামারী পরিদর্শনের ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। পরিদর্শন কার্যক্রমের প্রতিবেদন পরবর্তী সময়ে কমিটির সভায় উপস্থাপনের নির্দেশনাও রয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: