জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক দুই রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাঁচ কর্মকর্তা-কর্মচারীর সনদ জালিয়াতির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবও। গত ১৬ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী।
অন্য অভিযুক্তরা হলেন যবিপ্রবির সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সাবেক সেকশন অফিসার (গ্রেড-২) হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সুমন হোসেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, পাঁচ কর্মকর্তা-কর্মচারী শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ব্যবহার করে যবিপ্রবিতে চাকরি নেন। চাকরির আবেদনের সঙ্গে জমা দেওয়া তাঁদের শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র যাচাই করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সেগুলো জাল ও অসংগতিপূর্ণ বলে মতামত দেয়।
এর মধ্যে হাসনা হেনার বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ, সাকিব ইসলামের বি.কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র এবং জাহিদ হাসান ও জাহাঙ্গীর আলমের বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে মতামত দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, সুমন হোসেনের এসএসসি পাসের সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর শিক্ষা বোর্ড।
মামলার নথি অনুযায়ী, হাসনা হেনা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরে সেকশন অফিসার (গ্রেড-২) পদে পদোন্নতি পান। সাকিব ইসলামও একই পদে যোগ দিয়ে পরে সেকশন অফিসার (গ্রেড-২) হন। জাহিদ হাসান ডেমোনস্ট্রেটর পদে নিয়োগ পেয়ে টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি পান। জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে সেকশন অফিসার (গ্রেড-১) হন। আর সুমন হোসেন এমএলএসএস পদে নিয়োগ পেয়ে পরে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি পান।
২০২৩ সালের ৪ ডিসেম্বর যবিপ্রবির তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযুক্তরা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় বিষয়টি দুদকের তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ কারণে থানা-পুলিশ অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়। পরে ওই কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে মামলা করেন।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, পাঁচ কর্মকর্তা-কর্মচারী জাল সনদ তৈরি ও ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে চাকরি নেওয়ার মাধ্যমে সরকারি অর্থ বেতন-ভাতা হিসেবে উত্তোলন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় যবিপ্রবি কর্তৃপক্ষ ইতিমধ্যে ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে।
তদন্ত শেষে জিডি করা সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবসহ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।


























