ফরিদপুরের আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নবনিযুক্ত ডিলার ও ইনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
লিখিত বক্তব্যে এনামুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেই তাঁকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে। এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
এনামুল ইসলাম আরও বলেন, বৈধ নিয়োগপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালানোর কারণে তাঁর সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার আহ্বান জানান তিনি।
সার ডিলার নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, নিয়োগ নীতিমালা অনুযায়ী উপজেলা কমিটি তদন্ত করে ইউনিয়নপ্রতি তিনজন যোগ্য আবেদনকারীর নাম জেলা কমিটির কাছে পাঠায়। জেলা কমিটি অধিকতর যাচাই-বাছাই করে তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। পরে মন্ত্রণালয় চূড়ান্তভাবে ডিলার নিয়োগ দেয়। পুরো প্রক্রিয়া নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই সম্পন্ন হয়।
সংবাদ সম্মেলনে এনামুল ইসলাম তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ যাচাইয়ের দাবি জানান। পাশাপাশি ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।


























