মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদার দাবিতে পালংকি রেস্টুরেন্টে গুলি, ফোনে মালিককে হত্যার হুমকি

খুলনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪১, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪২, ২৪ নভেম্বর ২০২৬

চাঁদার দাবিতে পালংকি রেস্টুরেন্টে গুলি, ফোনে মালিককে হত্যার হুমকি

খুলনায় চাঁদার দাবিতে সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজের সামনে অবস্থিত পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত রেস্টুরেন্ট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পর মুঠোফোনে রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি মুঠোফোনে যোগাযোগ করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার দাবিতে গত এক মাসে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হন তারা। মঙ্গলবার পুলিশের হস্তক্ষেপে পুনরায় রেস্টুরেন্টটি চালু করা হয়। কিন্তু চালুর কয়েক ঘণ্টার মধ্যেই মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আরও জানায়, গুলিবর্ষণের কিছুক্ষণ পর ফোন করে হুমকি দেওয়া হয়, ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে গুলি করব।’ এমন হুমকির পর রেস্টুরেন্টের মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


 **পুলিশের টহল গাড়ি থাকার পরও কীভাবে হামলা?**
এ ঘটনায় সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে পুলিশের নিরাপত্তা ও টহল কার্যক্রম নিয়ে। অভিযোগ রয়েছে, ঘটনার সময় সোনাডাঙ্গা থানা পুলিশের দুটি টহল গাড়ি রেস্টুরেন্টের সামনেই অবস্থান করছিল। পুলিশের গাড়ি কাছাকাছি থাকা সত্ত্বেও কীভাবে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে প্রকাশ্যে গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে গেল—এমন প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ।
জনসাধারণের প্রশ্ন, পুলিশের টহল গাড়ি যদি ঘটনাস্থলের সামনেই থাকে, তাহলে দুর্বৃত্তদের গতিবিধি আগে থেকে শনাক্ত করা সম্ভব হয়নি কেন? হামলার সময় পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল? অপরাধীরা কীভাবে পুলিশের উপস্থিতিতেও এমন দুঃসাহসিক ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ পেল?


নগরীতে একের পর এক গুলিবর্ষণ, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। বিশেষ করে জনবহুল এলাকায় পুলিশের উপস্থিতিতেও এ ধরনের ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়াটাই স্বাভাবিক।


এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রেস্টুরেন্ট মালিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে পুলিশের দুটি টহল গাড়ি ঘটনাস্থলে থাকার বিষয়টি এবং হামলার সময় পুলিশ সদস্যদের ভূমিকা সম্পর্কে সোনাডাঙ্গা থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: