দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপী ‘দিনাজপুর ঐতিহ্য উৎসব ২০২৭’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে ‘আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়’ প্রতিপাদ্যে একটি মতবিনিময় সভা করেছে দিনাজপুর জাদুঘর।
শনিবার সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সভায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, লেখক, কবি, সাংস্কৃতিক কর্মী, সংগঠক ও সাংবাদিকেরা অংশ নেন। তাঁরা উৎসব আয়োজনের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় স্বাগত বক্তব্য দেন দিনাজপুর মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলী ছায়েদ। তিনি বলেন, দিনাজপুরের মানুষের অংশগ্রহণে জেলার ইতিহাস ও ঐতিহ্য প্রচার এবং সংরক্ষণ করাই এ উৎসবের মূল উদ্দেশ্য।
সভায় মূল বক্তা ছিলেন প্রত্নতত্ত্ববিদ ও সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান লীনা। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রম আয়োজন, স্থানীয় মানুষের সহযোগিতায় জেলার দৃশ্যমান ও অদৃশ্য ঐতিহ্যের তালিকা তৈরি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ঐতিহ্য সংরক্ষণে এ উৎসব ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, এ আয়োজন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) কয়েকটি লক্ষ্য অর্জনেও সহায়ক হতে পারে।
দিনাজপুর জাদুঘরের কিউরেটর অধ্যাপক সাইফুদ্দীন আখতারের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভা শেষ হয়।


























