ভৈরব নদের কচুরিপানা অপসারিত অংশ ঘুরে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছে ব্রাদার টিটোস হোম স্কুলের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে শিশুদের নিয়ে যাওয়া হয় নদটির পরিষ্কার করা অংশে।
ভৈরব নদ পরিষ্কারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডা. সাদিয়া মনোয়ার উষাকে মেডেল দেওয়ার কথা জানান স্কুলটির অধ্যক্ষ আলী আযম টিটো। তবে ডা. উষা মেডেল নিতে চান না জানিয়ে বলেন, শিশুদের ভালোবাসা পদকের চেয়ে অনেক বেশি মূল্যবান।
এদিন কাঠের পুল ব্রিজসংলগ্ন ভৈরব নদের পাড়ে জড়ো হয় স্কুলটির শিশুরা। পরে তারা নদের কচুরিপানা অপসারিত অংশ ঘুরে দেখে।
এ সময় আলী আযম টিটো বলেন, নদটির এই অংশ পরিষ্কার করা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। তবে এটুকুতেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আশপাশ থেকে ময়লা-আবর্জনা ও দূষিত বর্জ্য নদে পড়তে থাকলে পরিষ্কার করা অংশ আবারও দূষিত হয়ে পড়বে। তাই পুরো ৯১ কিলোমিটার ভৈরব নদ পরিষ্কার, সংস্কার ও নান্দনিকভাবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।


























