শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য সচিবকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

রানার ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৫, ২৬ নভেম্বর ২০২৬

তথ্য সচিবকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

তথ্য সচিবকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে তথ্য অধিদপ্তর(পিআইডি)।  আজ এক তথ্য বিবরণীতে এই প্রতিবাদ জানিয়ে বলা হয়,সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি একটি অসাধু ও স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে তার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এই চক্রটি হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে অত্যন্ত গর্হিত ও আইনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত । এ ধরনের জালিয়াতি ও মিথ্যাচার প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ এবং প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী।

তথ্য অধিদফতরের গোচরীভূত হয়েছে যে, এ দফতরের একজন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসারের স্বাক্ষর জাল করে তার নামে সরকারের উচ্চতর দপ্তরে বিভ্রান্তিকর চিঠি পাঠানো হয়েছে, যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। এ বিষয়ে ওই কর্মকর্তা কিছুই জানেন না।

উল্লেখ্য, মাহবুবা ফারজানা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন অত্যন্ত দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তিনি ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। অথচ এই দীর্ঘ কর্মজীবনের প্রায় ২৬ বছর তাকে এন্ট্রি লেভেল, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পদেই দায়িত্ব পালন করতে হয়েছে। বিগত আমলে মোট আটবার তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি ছয় বছর নিজের চেয়ে তিন ব্যাচের জুনিয়র কর্মকর্তাদের অধীনেও তাকে কাজ করতে হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর অবশেষে তার বিষয়টি পর্যালোচনা করে নিয়ম অনুযায়ী পদোন্নতির মাধ্যমে তিনি প্রশাসনের সর্বোচ্চ সচিব পদ অলংকৃত করেন। সচিব হিসেবে দায়িত্ব পালনে গত দুই বছরে তিনি সর্বোচ্চ সততা, নিষ্ঠা, নিয়মনীতি, বিধিবিধান ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। 

তথ্য বিবরণীতে বলা হয়, তথ্য মন্ত্রণালয়কে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পরিচ্ছন্ন প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিচালিত করার চেষ্টা করেছেন। সচিব তার ওপর অর্পিত দায়িত্ব রুলস অব বিজনেস অনুযায়ী পালন করেছেন। অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমেও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করেছেন। কোনো বিশেষ গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেওয়া কিংবা প্রশাসনিক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থ রক্ষার সুযোগ তিনি দিতে চাননি।

দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে এসেও তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও সুনামের সাথে তার ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। একজন উচ্চ পদস্থ ও মর্যাদাসম্পন্ন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের বানোয়াট অপপ্রচার কেবল অনভিপ্রেতই নয়, বরং তা রাষ্ট্রীয় প্রশাসনের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস।

তথ্য অধিদফতরের পক্ষ থেকে এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বলা হয়, সংশ্লিষ্ট স্বার্থান্বেষী মহলকে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে অবিলম্বে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে। অন্যথায়, এই অপপ্রচারের সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: