শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রানী কাত্যায়নীর ৩০০ টাকার অঙ্গীকারে যশোর  জিলা স্কুলের যাত্রা, ইতিহাসের সাক্ষী ১৮৩৮ সাল

সাজেদ রহমান

প্রকাশিত: ১৭:৩৪, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৩৫, ২৬ নভেম্বর ২০২৬

রানী কাত্যায়নীর ৩০০ টাকার অঙ্গীকারে যশোর  জিলা স্কুলের যাত্রা, ইতিহাসের সাক্ষী ১৮৩৮ সাল

১৮৩৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত যশোর জিলা স্কুলের সূচনালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নলদী পরগনার জমিদার রানী কাত্যায়নী। তাঁর বার্ষিক ৩০০ টাকা অনুদান দেওয়ার অঙ্গীকার বিদ্যালয়টির ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।

১৮৩৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠার পর প্রথমে বিদ্যালয়টির দায়িত্ব গ্রহণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন এর নাম ছিল ‘যশোর মডেল স্কুল’। যশোর জিলা স্কুলের বর্তমান চত্বরেই একসময় নলদীর রানীর কাছারিবাড়ি ছিল। সেই কাছারি বাড়িতে ১৮৩৮ সালে যশোর মডেল স্কুলের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার প্রথম বছরেই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১৩২ জন। তাঁদের মধ্যে ১৮ জন ছিলেন মুসলমান।

বিদ্যালয়ের ব্যয় নির্বাহের জন্য ১৮৪৫ খ্রিষ্টাব্দে নলদী পরগনার জমিদার রানী কাত্যায়নী স্কুল কর্তৃপক্ষের কাছে একটি অঙ্গীকারনামা প্রদান করেন। সেখানে তিনি নিজের জমিদারি থেকে প্রতিবছর ৩০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তৎকালীন সময়ের বিবেচনায় এটি ছিল শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা।

রানী কাত্যায়নীর অঙ্গীকারনামার মূল বক্তব্য ছিল :
‘আমি নলদী ও গয়রহ পরগনার জমিদার রানী কাত্যায়নী। গভর্নর কাউন্সিলের নির্দেশ অনুযায়ী যশোর জেলার কসবা মোকামে যে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, তার খরচ চালানোর জন্য প্রতিবছর আমার জমিদারি থেকে ৩০০ টাকা দেওয়া আমার দায়িত্ব হিসেবে স্বীকার করছি। আমার জমিদারি নলদী পরগনার আয় থেকে প্রতিবছর এই ৩০০ টাকা যতদিন ওই স্কুল চালু থাকবে, ততদিন স্কুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদান করব। এ মর্মে আমি এই অঙ্গীকারপত্র লিখে দিলাম।’-ইতি, রানী কাত্যায়নী।

মূল অঙ্গীকারনামার ভাষা পুরোনো ও সাধুভাষার কাছাকাছি হলেও এর বক্তব্য অত্যন্ত স্পষ্ট। নিজের জমিদারির আয় থেকে বিদ্যালয়টি চালু থাকা পর্যন্ত প্রতিবছর ৩০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। শিক্ষার প্রসারে একজন নারী জমিদারের এমন উদ্যোগ যশোরের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।

বিদ্যালয়টির ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র অবশ্য আজ আর সংরক্ষিত নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় স্কুলের বহু মূল্যবান কাগজপত্র হারিয়ে যায়। ফলে প্রতিষ্ঠানের শুরুর দিকের ইতিহাসের সব তথ্য ও দলিল আজ সহজে পাওয়া যায় না। তবে ১৯৭০ খ্রিষ্টাব্দে প্রকাশিত স্কুলের বার্ষিকীতে ‘স্কুলের কিছু কথা’ শিরোনামে প্রকাশিত বিবরণ থেকে প্রাথমিক সময়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়।
১৮৭২ খ্রিষ্টাব্দে যশোর মডেল স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘যশোর জিলা স্কুল’। এর দুই বছর পর, ১৮৭৪ খ্রিষ্টাব্দে বিদ্যালয়ে প্রথম ফারসি ভাষা শিক্ষার ব্যবস্থা চালু হয়। সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের পরিসর ও অবকাঠামো সম্প্রসারিত হতে থাকে।

গণপূর্ত বিভাগের নথিতে যশোর জিলা স্কুলের মূল ভবনকে ২৮ নম্বর ভবন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই নথি অনুযায়ী, ১৯০৭-১৯০৮ খ্রিষ্টাব্দে স্কুল ভবন সংস্কার করা হয়। ১৯০৭ খ্রিষ্টাব্দের দিকে বিদ্যালয়ের উত্তর পাশে একতলা হিন্দু ছাত্রাবাস নির্মাণ করা হয়, যার পরিচিতি ২৮এ। পরবর্তী পাঁচ বছরে, অর্থাৎ ১৯১২ খ্রিষ্টাব্দে প্রধান শিক্ষক কোথায় অবস্থান করতেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ১৯১৪ খ্রিষ্টাব্দে বিদ্যালয়ের দক্ষিণ পাশে একতলা মুসলিম ছাত্রাবাস নির্মিত হয়, যা ২৮বি নামে নথিভুক্ত। ১৯৪০ খ্রিষ্টাব্দের আগেই হিন্দু ও মুসলিম-উভয় ছাত্রাবাসের দ্বিতীয় তলা নির্মাণ করা হয়েছিল।

১৯৪০ খ্রিষ্টাব্দের ৪ ফেব্রুয়ারি বাংলার দুই মন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও তমিজউদ্দিন খান এবং প্রাদেশিক পরিষদের স্পিকার ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খান বাহাদুর এম আজিজুল হক যশোর সফর করেন। তাঁদের সম্মানে তৎকালীন যশোর জেলা মুসলিম ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটি মানপত্র প্রদান করা হয়। 

১৮৩৮ সালে একটি কাছারি বাড়িতে ১৩২ জন শিক্ষার্থী নিয়ে যে শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল, তা সময়ের পরিক্রমায় যশোরের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই দীর্ঘ পথচলায় যেমন : রয়েছে অসংখ্য শিক্ষক ও শিক্ষার্থীর অবদান, তেমনি রয়েছে রানী কাত্যায়নীর মতো শিক্ষানুরাগী মানুষের পৃষ্ঠপোষকতা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: