ছবি: বাসস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জে প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, তিনজন সংসদ সদস্যের বাসভবন, থানা, যানবাহন ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। নথিতে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। নথিতে দেখা যায়, প্রথম সপ্তাহে ধারাবাহিক সহিংস ঘটনা ঘটে, ১৭ ও ১৯ নভেম্বর তা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং পরবর্তী সময়ে ছোটখাটো হামলার ঘটনা ঘটে।
প্রথম ঘটনাগুলো ঘটে ১০ নভেম্বর। টুঙ্গিপাড়ায় বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং পাটগাতী বাজারে যুবদল কার্যালয়ে হামলা চালায়। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি স্কুলের সামনে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়।
সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে ১৯ নভেম্বর, চারটি উপজেলায়। মুকসুদপুরে উপজেলা পরিষদের সিসিটিভি ক্যামেরা, মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংকের মুকসুদপুর, বলগ্রাম ও বাটিকামারী শাখা এবং উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
প্রতিটি উপজেলাই এসব ঘটনার শিকার হয়েছে। টুঙ্গিপাড়ায় সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে সদরে হাসপাতাল ও সংসদ সদস্যের বাড়ি থেকে শুরু করে দোকানপাট, যানবাহন এবং সরকারি কার্যালয় পর্যন্ত সবচেয়ে বিস্তৃত পরিসরে ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনো মোতায়েন রয়েছেন। সেখানে বিজিবির ৫৫ প্লাটুন, আনসারের ১৫ প্লাটুন এবং পুলিশের প্রায় ২ হাজার সদস্য মোতায়েন রয়েছেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।


























