আত্মনির্ভরশীল ও মেধাসম্পন্ন জাতি গঠনে প্রাণিসম্পদ জরুরি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি একটি স্বনির্ভর ও মেধাসম্পন্ন জাতি গঠনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরে-বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমরা যদি নিজেরাই নিজস্ব উৎপাদনে পুষ্টির জোগান দিতে এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে সক্ষম হই, তাহলে আমি বিশ্বাস করি, স্বনির্ভর এবং সমৃদ্ধ অর্থনীতি কঠিন কিছু নয়।’ মেধাবী প্রজন্ম গড়ে তুলতে প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে।
তিনি জানান, চলতি অর্থবছরে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে এর অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এই খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লক্ষ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, পোল্ট্রি শিল্পে বর্তমানে ৫০ হাজার কোটি টাকা বেসরকারি বিনিয়োগ রয়েছে এবং এর সঙ্গে প্রায় ৬০ লক্ষ মানুষ জড়িত। এছাড়া দেশে দুই লক্ষাধিক পোল্ট্রি খামার থেকে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে।
আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চল ও হাওরে মহিষের উৎপাদন বাড়াতে ভূমি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
তারেক রহমান আরও বলেন, পশুপাখির অধিকারের বিষয়ে সচেতন থাকা মানবিক দায়িত্ব। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে হালাল মাংস ও দুগ্ধজাত পণ্য রপ্তানির মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


























