সোমবার ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের প্রেক্ষাপটে  যশোরের পরিস্থিতি ও স্থানীয় ভূমিকা

সাজেদ রহমান

প্রকাশিত: ১২:৫১, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫১, ২৩ নভেম্বর ২০২৬

১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের প্রেক্ষাপটে  যশোরের পরিস্থিতি ও স্থানীয় ভূমিকা

১৮৫৭ খ্রিষ্টাব্দের সিপাহি বিদ্রোহ ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহের প্রভাব পড়লেও যশোরের পরিস্থিতি ছিল তুলনামূলকভাবে ভিন্ন। ভৌগোলিক অবস্থান, সামরিক গুরুত্ব এবং স্থানীয় জনগণের মনোভাবের কারণে যশোরে প্রকাশ্য ও ব্যাপক সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়নি। 

১৮৫৭ সালের মার্চ মাসে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের বিদ্রোহের পর যশোরেও জনমনে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। যশোরের ম্যাজিস্ট্রেট ও অন্যান্য ব্রিটিশ প্রশাসনিক কর্মকর্তারা পরিস্থিতির ওপর নজরদারি বৃদ্ধি করেন। এ সময় যশোরের ম্যাজিস্ট্রেট কিছু বিদ্রোহমূলক ও ব্রিটিশবিরোধী প্রচারপত্র বা পুস্তিকা উদ্ধার করেন। ব্রিটিশ প্রশাসন এসব প্রচারপত্রকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে আখ্যায়িত করেছিল। পরবর্তীকালে এগুলোর সঙ্গে ক্ষয়িষ্ণু ওহাবি আন্দোলনের যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়। তবে এসব প্রচারপত্রের প্রকৃত উদ্দেশ্য ও প্রচারকারীদের পরিচয় সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। ফলে এ ঘটনাকে যশোরে প্রকাশ্য বিদ্রোহের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না।

এ প্রসঙ্গে নতুন একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ২০২৬ সালের ১১ মে দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত নীলাদ্রি চ্যাটার্জির একটি গবেষণাধর্মী নিবন্ধে যশোরে ১৮৫৭ সালের জুলাই মাসে একটি গোপন বিদ্রোহী ষড়যন্ত্রের বিবরণ দেওয়া হয়েছে। নিবন্ধ অনুযায়ী, যশোরে তখন নিয়মিত সিপাহি সেনানিবাস না থাকলেও ব্রিটিশ প্রশাসনের অধীনে ‘নজিব’ নামে একটি অনিয়মিত সশস্ত্র বাহিনী মোতায়েন ছিল। এই বাহিনীর প্রধান জামাদার রাম সিং ব্যারাকপুর ও এলাহাবাদের বিদ্রোহী সেনাদের কাছ থেকে যোগাযোগ পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁর পরিকল্পনা ছিল ইউরোপীয় কর্মকর্তাদের হত্যা, কালেক্টরেটের কোষাগার লুণ্ঠন, স্থানীয় বাজারে অগ্নিসংযোগ, কারাগারের বন্দিদের মুক্ত করা এবং পরবর্তী সময়ে মুর্শিদাবাদের বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়া। এ ষড়যন্ত্রের তথ্য প্রকাশ করেন দস্যু দমন বিভাগের কর্মকর্তা বাবু গুরুচরণ দাস। পরবর্তীকালে ম্যাজিস্ট্রেট ই. ডব্লিউ. মোলোনি রাম সিং ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করেন। জেলা জজ ডব্লিউ. এস. সেটন-কার বিশেষ বিচারিক ক্ষমতাবলে বিচার পরিচালনা করেন এবং রাম সিংকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। নিবন্ধে আরও উল্লেখ করা হয়েছে, যশোরের তিনমোহনীতে সোমবারের হাটবারে তাঁকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। এই বিবরণ যশোরে সিপাহি বিদ্রোহের সময়কার গোপন তৎপরতার ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংযোজন। 


বিদ্রোহের সময় যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ব্রিটিশ প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। জি. এন. ডড যশোরে দেশীয় জনগণের মধ্যে সৃষ্ট উত্তেজনা এবং তা প্রশমনের জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের তথ্য দিয়েছেন। স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়। যশোরে ৮ নম্বর কোম্পানির সৈন্য মোতায়েন করা হয়েছিল। প্রথমে জে. জি. কোনারের অধিনায়কত্বে এই বাহিনী পরিচালিত হয়। এর আগে কোনার ঢাকায় ক্যাপ্টেন লুইসের অধীনে ৪ নম্বর বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীকালে বিশেষ প্রয়োজনে তাঁকে আসামে পাঠানো হলে লেফটেন্যান্ট জ্যাকসন যশোরে দায়িত্ব গ্রহণ করেন। এসব সামরিক ও প্রশাসনিক ব্যবস্থা থেকে বোঝা যায়, যশোরে বড় ধরনের বিদ্রোহ না ঘটলেও ব্রিটিশ সরকার সম্ভাব্য বিদ্রোহের আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিল।

অন্যদিকে, যশোরের সাধারণ জনগণ ও কৃষকসমাজের মধ্যে সিপাহি বিদ্রোহের প্রতি ব্যাপক উৎসাহ বা সক্রিয় অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায় না। এ বিষয়ে লিনি এস. মের বক্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর মতে, যশোরের কৃষকদের মধ্যে সিপাহি বিদ্রোহের প্রতি তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। বাংলার অন্যান্য অঞ্চলের কৃষকরাও ব্যাপকভাবে সিপাহি বিদ্রোহে যোগদান করেননি। ফলে যশোরে সামরিক বিদ্রোহের সঙ্গে বৃহত্তর কৃষক আন্দোলনের কোনো শক্তিশালী সংযোগ গড়ে ওঠেনি। তবে এর অর্থ এই নয় যে, যশোরের কৃষকসমাজের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কোনো অসন্তোষ ছিল না। বরং তৎকালীন কৃষি, জমিদারি ও ঔপনিবেশিক অর্থনৈতিক ব্যবস্থার প্রভাব তাদের মধ্যে বিভিন্ন ধরনের অসন্তোষ সৃষ্টি করেছিল।

এ প্রসঙ্গে ফরায়েজি আন্দোলনের প্রভাবও বিবেচনায় নেওয়া প্রয়োজন। হাজি শরীয়তুল্লাহর প্রতিষ্ঠিত এবং তাঁর পুত্র দুদু মিয়ার নেতৃত্বে পরিচালিত ফরায়েজি আন্দোলন ফরিদপুর, বাকেরগঞ্জ ও যশোর অঞ্চলে প্রভাব বিস্তার করেছিল। এই আন্দোলনের সঙ্গে কৃষক-সমাজের উল্লেখযোগ্য অংশ যুক্ত ছিল। ১৮৫৭ সালের বিদ্রোহের সময় ব্রিটিশ প্রশাসন আশঙ্কা করেছিল যে, ফরায়েজি আন্দোলনের অনুসারীরা বিদ্রোহী সিপাহিদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারেন। এ কারণে ঔপনিবেশিক সরকার বিভিন্ন অঞ্চলে তাদের তৎপরতার ওপর নজরদারি বাড়ায়। তবে যশোরে ফরায়েজি ও সিপাহি বিদ্রোহীদের মধ্যে প্রত্যক্ষ সাংগঠনিক সম্পর্কের বিষয়ে আরও প্রামাণ্য গবেষণা প্রয়োজন। 

সিপাহি বিদ্রোহের সময় যশোরের স্থানীয় জমিদারদের ভূমিকা ছিল মূলত ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন ও নিজেদের শ্রেণিগত স্বার্থ সংরক্ষণকেন্দ্রিক। এ ক্ষেত্রে চাঁচড়া রাজপরিবারের রাজা বরদাকান্ত রায়ের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর প্রয়োজনে নিজের ব্যক্তিগত হাতি প্রদান করেন। এ ছাড়া সৈন্য ও রসদ পরিবহনের জন্য গাড়ি এবং প্রয়োজনীয় লোকজন সংগ্রহ করে ব্রিটিশ প্রশাসনকে সহযোগিতা করেন। তাঁর এই সহযোগিতা মূলত ঔপনিবেশিক শাসনব্যবস্থার সঙ্গে স্থানীয় ভূস্বামী শ্রেণির স্বার্থের সম্পর্ককে প্রকাশ করে। তাঁর সহযোগিতায় সন্তুষ্ট হয়ে ব্রিটিশ সরকার তাঁকে ‘রাজা বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, যশোরের স্থানীয় ইতিহাসবিষয়ক একটি গবেষণামূলক নিবন্ধে উপাধি প্রদানের সময় ১৮৬৫ খ্রিষ্টাব্দ উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ১৮৫৮ সালের ২৬ এপ্রিল নদীয়ার কমিশনারের কাছে পাঠানো যশোরের কালেক্টরের চিঠিতে বরদাকান্ত রায়ের সহযোগিতার তথ্য পাওয়া যায় বলে গবেষক উল্লেখ করেছেন। চিঠিটি যশোর জেলা কালেক্টরেট রেকর্ডসের ৪৩৩ নম্বর ভলিউমের ৭৮ নম্বর পত্র হিসেবে শনাক্ত করা হয়েছে। 

বরদাকান্ত রায়ের ভূমিকা সম্পর্কে আরও জানা যায় যে, তিনি কেবল বিদ্রোহ দমনের সময় ব্রিটিশদের সহযোগিতা করেননি, বরং পরবর্তী সময়েও ঔপনিবেশিক প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। ১৮৩৮ খ্রিষ্টাব্দে যশোর জেলা স্কুল প্রতিষ্ঠার সময় তিনি ৪০০ টাকা অনুদান প্রদান করেন। এর মাধ্যমে স্থানীয় শিক্ষা বিস্তারেও তাঁর অবদান ছিল। তবে সিপাহি বিদ্রোহের সময় তাঁর ব্রিটিশ পক্ষীয় অবস্থানকে তৎকালীন জমিদার শ্রেণির রাজনৈতিক বাস্তবতা ও শ্রেণিস্বার্থের আলোকে মূল্যায়ন করা প্রয়োজন। কারণ বিদ্রোহ সফল হলে প্রচলিত জমিদারি ও ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামোর পরিবর্তনের আশঙ্কা ছিল। ফলে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন তাঁদের স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে কাজ করেছিল। 

বিদ্রোহের সময় যশোরে ধর্মীয় ও সামাজিক পরিবেশও তুলনামূলকভাবে শান্ত ছিল। কোরবানির ঈদ ও মহররম শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছিল বলে উল্লেখ পাওয়া যায়। অন্যদিকে, ব্রিটিশ প্রশাসন সম্ভাব্য বিদ্রোহের আশঙ্কায় স্থানীয় জনগণের ওপর নজরদারি অব্যাহত রাখে। ফলে প্রকাশ্য সংঘর্ষ বা বড় ধরনের সামরিক বিদ্রোহ না ঘটলেও প্রশাসনিক সতর্কতা, সামরিক প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে গোপন যোগাযোগের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: