ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে মাগুরার শালিখা উপজেলার কৃষি মাঠে আমন ধান, সরিষা ও বিভিন্ন ধরনের সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও মাঠে কেটে রাখা ধান ভিজে থাকায় এবং জমিতে পানি জমে থাকায় দুশ্চিন্তা কাটেনি কৃষকদের।
সরেজমিনে উপজেলার তালখড়ি, আড়পাড়া ও শতখালীসহ বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে কেটে রাখা পাকা ধান ভাসছে। কোথাও জমির পাশে ভেজা ধান শুকানোর চেষ্টা করছেন কৃষকেরা। আবার কোথাও পাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। ফসল ঘরে তুলতে বাড়তি শ্রমিক নিয়োগ করতে হওয়ায় খরচও বেড়েছে। অন্যদিকে জমিতে পানি জমে থাকায় সরিষা ও সবজিখেত রক্ষায় পানি নিষ্কাশনের চেষ্টা করছেন চাষিরা।
স্থানীয় কৃষকেরা জানান, সারসংকটের মধ্যেও এ বছর আমনের ফলন ভালো হওয়ায় তাঁরা আশাবাদী ছিলেন। ধান পেকে যাওয়ায় অনেকে আগেভাগে কাটা শুরু করেন। কিন্তু টানা বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। দীর্ঘ সময় ভেজা থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
আড়পাড়া ইউনিয়নের আনন্দনগর গ্রামের কৃষক হালিম মোল্যা বলেন, ‘তিন বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছি। ফলনও ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। এখন রোদ না উঠলে ধান শুকিয়ে ঘরে তোলা কঠিন হবে।’
শতখালী ইউনিয়নের ছান্দড়া গ্রামের মোশাররফ হোসেন বলেন, ‘তিন একর জমিতে আমনের আবাদ করেছি, যার তিন ভাগের দুই ভাগ পানির নিচে। যে অবস্থা হয়েছে, তাতে চাষের খরচ তোলাই কঠিন হয়ে পড়বে।’
চুকিনগর গ্রামের সবজিচাষি আলী হোসেন ৮০ শতক জমিতে টমেটো ও শসার আবাদ করেছেন। এসব ফসল থেকে তিন থেকে চার লাখ টাকা আয়ের আশা করেছিলেন তিনি। তবে বৃষ্টির পানিতে জমি তলিয়ে যাওয়ায় এখন ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
আড়পাড়া ইউনিয়নের দিঘী গ্রামের রতন বিশ্বাস বলেন, ‘দুই বিঘা জমিতে সরিষা বুনেছিলাম, যার পুরোটাই পানিতে ভেসে গেছে। রোদ না উঠলে সবই মরে যেতে পারে। এ ছাড়া পাঁচ একর জমির পাকা ধান পানিতে ভিজে গেছে। এ কারণে স্বাভাবিকের চেয়ে বেশি খরচ গুনতে হচ্ছে।’
শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসনাত জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৮৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ৫৮ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। ফসলের ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।


























