সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার। তিনি ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছর মেয়াদে সিকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রসঙ্গত, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে ওই বছরেরর ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
তবে সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে সোচ্চার হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
গত দুই সপ্তাহ ধরে তাদের টানা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়টিতে অচলাবস্থা বিরাজ করছিল। সার্বিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ও গতিশীলতা ফিরিয়ে আনতেই উপাচার্য পদে এই পরিবর্তন আনা হলো বলে জানা গেছে।


























