রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬

৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

 প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১৭:১৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বাগেরহাটে বাড়ি বাড়ি গিয়ে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জগন্নাথ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিদ্যালয়ের আশপাশের বিভিন্ন বাড়িতে গিয়ে বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করেন। একই সঙ্গে বাড়ির আশপাশে জমে থাকা পানি, জলাবদ্ধ স্থান ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান চিহ্নিত করে পরিষ্কার করেন। রাস্তার পাশে থাকা ময়লার স্তূপও পরিষ্কার করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে কোডেকের ফোকাল পার্সন সৈয়দ মাহবুবুর রহমান, সমন্বয়কারী রাগীব আহসান, আইডিয়াল ইনস্টিটিউট, শরণখোলার প্রধান নির্বাহী ওসমান গনি, সুজনের সম্পাদক এস কে এম হাসিব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য আল আমিন সরদার এবং বাংলাদেশ স্কাউটস, বাগেরহাটের কোষাধ্যক্ষ তানজির হোসেন উপস্থিত ছিলেন।

বাগেরহাটের সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ জন এবং চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৪৪৮ জন।

শেয়ার করুনঃ

সর্বশেষ