মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে ঠান্ডা পানিতে গোসল সবার জন্য নিরাপদ নয়: চিকিৎসক

রানার ডেস্ক

প্রকাশিত: ২৩:০৬, ৭ নভেম্বর ২০২৬

শীতে ঠান্ডা পানিতে গোসল সবার জন্য নিরাপদ নয়: চিকিৎসক

শীতে ঠান্ডা পানিতে গোসল সবার জন্য নিরাপদ নয়: চিকিৎসক

ঠান্ডা পানিতে গোসলের কিছু সম্ভাব্য উপকারিতা থাকলেও শীতকালে এই অভ্যাস সবার জন্য নিরাপদ নয় বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। হৃদরোগ, উচ্চ রক্তচাপ কিংবা শ্বাসকষ্টে ভুগছেন এমন মানুষদের এ ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার।

শীতে অনেকেই গরম পানিতে গোসল করতে পছন্দ করেন, ঠান্ডা পানি তাঁদের কাছে ভীতিকর। অথচ সুস্থ থাকার কৌশল হিসেবে সম্প্রতি ঠান্ডা পানিতে গোসলের প্রবণতা নিয়ে আলোচনা বেড়েছে। কারও মতে এতে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে ও মন দৃঢ় হয়, আবার কেউ একে অকারণ স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখেন।

এ নিয়ে প্রচলিত কয়েকটি ধারণার ব্যাখ্যা দিয়েছেন ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. অজয় কুমার গুপ্ত। চিকিৎসকদের ভাষ্য, নিয়মিত ঠান্ডা পানিতে গোসলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, এই ধারণার পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। ঠান্ডা পানির সংস্পর্শে শরীরে কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হলেও তা থেকে প্রতিরোধক্ষমতা বাড়ার বিষয়টি নিশ্চিত করে বলা যায় না।

রোগ প্রতিরোধক্ষমতা ঠিক রাখতে বরং পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম ও প্রয়োজনীয় টিকা অনেক বেশি কার্যকর। শীতে অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করে অসুস্থ হয়ে পড়লে তা উল্টো স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

পানি যত ঠান্ডা, উপকার তত বেশি, এমন ধারণাও ভুল বলে মনে করেন চিকিৎসকেরা। হঠাৎ শরীরে খুব ঠান্ডা পানি পড়লে হৃদস্পন্দন ও রক্তচাপ দ্রুত বাড়তে পারে, যার ফলে মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট বা অস্বস্তি দেখা দিতে পারে। হৃদরোগ, ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা থাকলে এই ঝুঁকি আরও বেশি। তাই দীর্ঘক্ষণ ঠান্ডা পানিতে না থেকে অল্প সময়ের জন্য গোসল করাই ভালো।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, হৃদরোগী, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভোগা ব্যক্তি, হাঁপানি বা অ্যাজমার রোগী এবং রেনডস ফেনোমেনন অর্থাৎ ঠান্ডায় হাত-পায়ের রক্তনালি সংকুচিত হওয়ার সমস্যা যাঁদের আছে, তাঁদের ঠান্ডা পানিতে গোসল এড়িয়ে চলা উচিত। আগে অজ্ঞান হওয়ার ইতিহাস, তীব্র উদ্বেগ বা অ্যাংজাইটি থাকলে এবং শরীরের তাপমাত্রা দ্রুত কমে যাওয়ার ঝুঁকিতে থাকা বয়স্কদের ক্ষেত্রেও একই সতর্কতা প্রযোজ্য। এমন সমস্যা থাকলে শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সুস্থ মানুষদেরও হুট করে বরফঠান্ডা পানিতে গোসল না করে ধীরে ধীরে অভ্যাস গড়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। প্রথমে স্বাভাবিক বা হালকা গরম পানিতে গোসল সেরে শেষে ৩০ থেকে ৬০ সেকেন্ড অপেক্ষাকৃত ঠান্ডা পানি ব্যবহার করা যেতে পারে। পুরো শরীর হঠাৎ বরফঠান্ডা পানিতে ডোবানো যাবে না, আর দিনের শুরুতে গোসলের অভ্যাস করা যেতে পারে।

গোসলের সময় অস্বস্তি, মাথা ঘোরা বা শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে থামতে হবে। বুকে ব্যথা হলে ঠান্ডা পানি থেকে সরে গিয়ে দ্রুত চিকিৎসা নিতে হবে।

চিকিৎসকেরা মনে করিয়ে দিয়েছেন, এই সময়সীমাও সবার জন্য নিরাপদ নয়। প্রত্যেকের শারীরিক অবস্থা ও সহনশীলতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে জরুরি।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: