সংগৃহীত ছবি
বিভিন্ন জটিল রোগের উন্নত রোগনির্ণয় ও চিকিৎসাসেবা দিতে দেশের বিভিন্ন অঞ্চলের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আরও পাঁচটি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
নতুন ইনমাস স্থাপন করা হবে সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল, টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল, নোয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, চার বছর মেয়াদি এ প্রকল্পে আনুমানিক ৫৩৫ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় হবে। সম্পূর্ণ ব্যয় সরকারি তহবিল থেকে নির্বাহ করা হবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বিশেষায়িত স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ ও দেশের সর্বত্র মানুষের জন্য ক্যানসার-সংশ্লিষ্ট চিকিৎসাসেবা সহজলভ্য করার বৃহত্তর সরকারি উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি নেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলের মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যসেবার ওপর মানুষের নির্ভরতা কমানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
একই সঙ্গে আন্তর্জাতিক মানের আধুনিক নিউক্লিয়ার মেডিসিন সেবা ও তৃণমূল পর্যায়ে মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসাসুবিধা নিশ্চিত করাও প্রকল্পটির উদ্দেশ্য।
প্রকল্পের নথি অনুযায়ী, দেশে বর্তমানে ৩৭টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে বিএইসি ইতোমধ্যেই ২২টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ইনমাস স্থাপন করেছে। অবশিষ্ট মেডিকেল কলেজগুলোতেও পর্যায়ক্রমে এ সেবা সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেছে।
নথিতে বলা হয়েছে, ঢাকা, মিটফোর্ড, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, খুলনা, ফরিদপুর, বগুড়া, সিলেট, কুমিল্লা ও বরিশালসহ ১৩টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ইনমাস স্থাপন করা হয়েছে।
এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী, পাবনা, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আরও সাতটি ইনমাস রয়েছে। মহাখালী টিবি হাসপাতাল প্রাঙ্গণেও একটি ইনমাস স্থাপন করা হয়েছে।
পরিকল্পনা কমিশন মোট ৫৩৫ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি বিবেচনা ও অনুমোদনের জন্য একনেকে উপস্থাপনের সুপারিশ করেছে।


























