আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
তালেবান কর্মকর্তারা জানান, কুনার প্রদেশের নূরগাল জেলার পাতান গ্রামে রাত আড়াইটার দিকে পাকিস্তানি যুদ্ধবিমান প্রথম হামলা চালায়। এতে তিনজন সাধারণ মানুষ প্রাণ হারান। এরপর ভোর চারটার দিকে পাক্তিকা প্রদেশের বারমাল জেলার টোর কান্দি ও রাখা এলাকায় দ্বিতীয় দফায় বিমান হামলায় খালি দোকান ও পরিত্যক্ত বাড়ি ধ্বংস হয়, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত পারের এই হামলাগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছে। আফগান তালেবান এসব হামলাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে, অন্যদিকে পাকিস্তান দাবি করছে তারা নিজেদের ভূখণ্ড রক্ষায় আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে।


























