মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

বাস ভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ২৩:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

বাস ভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহরে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারনে বাসের ভাড়া বাড়ানোর এ প্রস্তাব করা হয়েছে।

বিআরটিএ সূত্র বলছে, ভাড়া কত বাড়বে, সে সিদ্ধান্ত চূড়ান্ত করবে সড়ক পরিবহন মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হবে।

বাসের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে অন্যান্য খরচ যুক্ত করা হয়। তবে এবার অন্যান্য খরচ যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে, ততটুকুই ভাড়া বাড়ানো হবে। সাধারণত জ্বালানি তেলের দাম এক টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি বৃদ্ধি পায় এক পয়সা। এবার ডিজেলের মূল্য লিটারে ২০ টাকা বেড়েছে।

আজ বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া বৃদ্ধির বিষয়ে বৈঠক হয়। এতে পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে পরিবহন মালিক–শ্রমিকনেতারা মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে দেখা করে ভাড়া বৃদ্ধির আবেদন জানান।

বিআরটিএর বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। আর শহরে কিলোমিটারপ্রতি ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ১৮ পয়সা। পরিবহনমালিকদের পক্ষ থেকে আজ রাতের মধ্যেই প্রজ্ঞাপন প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। নতুবা পরিবহন মালিক–শ্রমিকেরা বাড়তি দামে জ্বালানি কেনার কারণে ভাড়া বাড়িয়ে দিতে পারেন। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।

পরিবহনমালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেছেন, আগেরবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি আমলে নিয়ে ভাড়া বাড়ানো হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশসহ অন্যান্য খরচ বেড়েছে। সেগুলো ধরে ভাড়া বাড়ানোর দরকার ছিল। কিন্তু মানুষের কষ্টের কথা চিন্তা করে তাঁরা জ্বালানির মূল্য বৃদ্ধির হারে বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। যত দ্রুত সম্ভব প্রজ্ঞাপন জারি করা দরকার বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুনঃ