বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান আত্মসমর্পণ করবে নাঃ পেজেশকিয়ান

রয়টার্স

প্রকাশিত: ২৩:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান আত্মসমর্পণ করবে নাঃ পেজেশকিয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বের হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অধিবেশনের উদ্বোধনী ভাষণের সময় একজন ছাড়া ইরানের প্রতিনিধিদলের সব কর্মকর্তা বের হয়ে গিয়েছিলেন। ভাষণে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান আত্মসমর্পণ করবে না। তবে সংঘাত অবসানে কূটনীতিতে বিশ্বাস করে ইরান।

পেজেশকিয়ান বলেন, ‘সবাই হরমুজ প্রণালি ব্যবহার করে সুবিধা নেবে, অথচ আমাদেরকেই এ পথে জাহাজ চলাচল থেকে বঞ্চিত করা হবে—এটা হতে পারে না। এখানে শত্রুভাবাপন্ন নৌবহরের স্থায়ী উপস্থিতি এবং যুদ্ধের বিস্তার কোনোভাবেই শান্তি আনবে না।’

গতকাল মঙ্গলবার সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তেহরানের সঙ্গে এমন কোনো চুক্তি হবে কি না, যার মাধ্যমে ইরান নিজেকে “পুনর্গঠন করে আগের চেয়েও অনেক শক্তিশালী দেশ হয়ে উঠতে পারে”, নাকি “আমি ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করে দেব”—এ বিষয়ে আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে।’

ট্রাম্পের বক্তৃতায় ইরান প্রসঙ্গ আসার সঙ্গে সঙ্গে দেশটির প্রতিনিধিদল সভাকক্ষ থেকে বেরিয়ে যায়। শুধু একজন প্রতিনিধি তাঁর আসনে বসে ছিলেন।

আজ ভাষণে পারমাণবিক ইস্যুতে পেজেশকিয়ান বলেন, ইরানের পারমাণবিক বোমা নয়, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি প্রয়োজন।

গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর সময় ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাকে তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

জাতিসংঘে ভাষণে পেজেশকিয়ান বলেন, ‘শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি আমাদের দেশের উন্নয়নেরই একটি অংশ। পারমাণবিক প্রযুক্তি শুধু কয়েকটি দেশের হাতে অল্প কয়েকজনের একচেটিয়া নিয়ন্ত্রণে থাকবে, তা ইরান গ্রহণযোগ্য মনে করে না।’

ভাষণের শুরুতে ইরানের প্রেসিডেন্ট একটি ছবি তুলে ধরেন। এতে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি ছিল। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিন তেহরানে নিজের কম্পাউন্ডে খামেনি নিহত হন। এরপর পেজেশকিয়ান হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন। একটি স্কুলে বিমান হামলায় এসব শিশু নিহত হয়েছিল।

পেজেশকিয়ান তাঁর ভাষণের শুরুতে জাতিসংঘে আগের দিন দেওয়া ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ‘আপনাদের সামনে দেওয়ার জন্য গতকাল আমি একটি ভাষণ প্রস্তুত করেছিলাম। (কিন্তু) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেছেন। অথচ আমরাই সন্ত্রাসবাদের শিকার।’

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: