মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬

৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে নাগরিক শোকসভায় বক্তারা

শিল্প সৌখিনতার অনন্য প্রতীক ছিলেন বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়

রানার প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

শিল্প সৌখিনতার অনন্য প্রতীক ছিলেন বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়

বিশিষ্ট সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা হয়েছে। নাগরিক শোকসভা কমিটি যশোরের উদ্যোগে সোমবার বিকেলে ঐতিহাসিক টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চের শতাব্দী বটমূলে এ সভা হয়।
স্মৃতিচারণমূলক আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়ের না ফেরার দেশে চলে যাওয়া শুধু একজন মানুষের মৃত্যু নয়; সাংস্কৃতিক আন্দোলন, স্বাধীনতা, গণতন্ত্র এবং শোষণমুক্তির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি তার জীবনের বাঁকে বাঁকে যশোর জেলার সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সৃজনশীলতার লক্ষণীয় স্বাক্ষর রেখে গেছেন। তিনি ছিলেন শিল্প সৌখিনতার অনন্য প্রতীক। বক্তারা প্রত্যাশা করেন সদা হাস্যোজ্জ্বল সাদামনের মানুষ অশোক কুমার রায় যে আলোকবর্তিকা জ্বেলে গেছেন- তা যেন নিভে না যায়। 
এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।
স্মৃতিচারণমূলক আলোচনা করেন জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও যশোর জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ যশোর জেলা কমিটির সমন্বয়ক হাচিনুর রহমান, বিএনপির যশোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু, মহিলা পরিষদের সদস্য নারীনেত্রী হাবিবা শেফা, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জয়তী সোসাইটি যশোরের নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস ইভা, মুদ্রণ শিল্প মালিক সমিতি যশোরের সভাপতি ফজলে রাব্বি মোপাশা, সমাজসেবক দেবব্রত ঘোষ, সুরবিতান অ্যাকাডেমির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, প্রয়াত অশোক কুমার রায়ের বড় মেয়ে ডাক্তার অদিতি রায় ও ছোটো মেয়ে অরণ্যজ্যোতি রায়। সঞ্চালনা করেন কাজী সাহেদ নেওয়াজ।
আলোচনা সভার আগে যশোরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’ রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। এরপর বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রসঙ্গত, তিন কন্যার জনক অশোক কুমার রায় ১৯৫১ সালের ১৪ ডিসেম্বর যশোর বেজপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা স্বর্গীয় জগবন্ধু রায়, মা রানীবালা রায় ও স্ত্রী অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক অমিতা শাঁখারি। যশোরের মুদ্রণ শিল্পের অন্যতম পথিকৃৎ চিত্রশিল্পী বীরমুক্তিযোদ্ধা অশোক কুমার রায় অবিভক্ত ছাত্রলীগ যশোরের (খান টিপু সুলতান-রবিউল আলম কমিটি) প্রচার সম্পাদক ছিলেন। ১৯৬৮ সালে সম্মিলনী ইনস্টিটিউশন যশোর থেকে মাধ্যমিক (এসএসসি) পাশ করেন। সম্প্রতি তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকোত্তরে অধ্যয়নরত ছিলেন। এর আগে তিনি আইনজীবী পেশায় ডিগ্রি অর্জন করেন। পরলোকগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি যশোর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: