দেশের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির উদ্যোগে আজ আয়োজিত মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, আমরা সংসদে বিরোধী দলকে বারবার আহ্বান জানিয়েছি, বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আর জ্বালাও-পোড়াও নয়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বিরোধী দলকে বলবো, আপনারা গঠনমূলক রাজনীতি করুন, আপনাদের সহযোগিতা করবো।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আপনাদের যত কথা আছে- জাতীয় সংসদে বলুন। সব আলোচনা, ভুলত্রুটি ও সমাধানের কেন্দ্রবিন্দু হোক জাতীয় সংসদ। তবেই সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠা লাভ করবে।
তিনি বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী দিনরাত কাজ করেছেন, তার সহকর্মী হিসেবে আমরাও কাজ করে যাচ্ছি।
টাঙ্গাইলে বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।


























